দেশের উপকূলীয় এলাকায় চিংড়ি চাষের উপযোগী জমি রয়েছে দেড় লাখ হেক্টর। কিন্তু দেশে চিংড়ি চাষ হচ্ছে তিন লাখ হেক্টর জমিতে। ভূমির বৈশিষ্ট্যের উপযোগী নয় এমন অনেক কর্মকাণ্ড দেশের দক্ষিণাঞ্চলে পরিচালিত হচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য কৃষি মন্ত্রণালয় এবং জাতিসংঘের খাদ্য ও কৃষিবিষয়ক সংস্থা (এফএও) দক্ষিণাঞ্চলের কৃষির উন্নয়নে একটি মহাপরিকল্পনা তৈরি করেছে। রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বার্ক) মিলনায়তনে গতকাল মঙ্গলবার এই মহাপরিকল্পনার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ২০১৩ থেকে ২০২১ সালের মধ্যে বাস্তবায়নের জন্য শুরু হওয়া এই মহাপরিকল্পনা বাস্তবায়নে মোট ৫৮ হাজার কোটি টাকা দরকার হবে বলে অনুষ্ঠানে জানানো হয়। কৃষি মন্ত্রণালয়, পানিসম্পদ মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং পরিবেশ ও বন মন্ত্রণালয় যৌথভাবে এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। অনুষ্ঠানে জানানো হয়, উপকূলীয় জেলাগুলোতে দারিদ্র্য বিমোচন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা ও দরিদ্রদের জীবনযাত্রার মানোন্নয়নে এই মহাপরিকল্পনার আওতায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প নেওয়া হবে। সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি ছাড়াও এফএওসহ জাতিসংঘের অন্তর্ভুক্ত বিভিন্ন সংস্থা এ ব্যাপারে সহায়তা দেবে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী দক্ষিণাঞ্চলের কৃষি খাতের সম্ভাবনা কাজে লাগানোর জন্য এই মহাপরিকল্পনা দীর্ঘ মেয়াদে কাজে লাগবে উল্লেখ করে বলেন, ‘আমাদের দেশে অনেক প্রকল্প এসেছে। কিন্তু কেউ যদি দুই বছর পর প্রকল্প এলাকায় যায়, তাহলে সেখানে ওই প্রকল্পের কোনো নাম-গন্ধ খুঁজে পাওয়া যাবে না।’ তিনি বলেন, ‘ভবিষ্যতে যেই ক্ষমতায় আসুক, এমনভাবে প্রকল্প নিতে হবে, কাজ করতে হবে, যাতে তার সুফল দেশের সাধারণ মানুষ পায়। বিদেশি ঋণ নিয়ে প্রকল্প নেওয়া হলো আর তাতে দেশের মানুষের কোনো লাভ হলো না, এমন প্রকল্প নেওয়া উচিত নয়। এতে শুধু ঋণের বোঝাই বাড়বে।’ অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের সচিব এস এম নাজমুল ইসলাম মহাপরিকল্পনার প্রেক্ষাপট ও কর্মপরিকল্পনা তুলে ধরেন। অনুষ্ঠানে মহাপরিকল্পনা বাস্তবায়নের সঙ্গে যুক্ত মন্ত্রণালয়গুলোর প্রতিনিধি এবং এফএওসহ বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। এই মহাপরিকল্পনায় বলা হয়েছে, দেশের ২৭ শতাংশ এলাকা নিয়ে গঠিত দক্ষিণাঞ্চলে মোট জনসংখ্যার ২১ শতাংশের বাস। এই এলাকার ৪৬ শতাংশ মানুষ অকৃষি খাতের সঙ্গে যুক্ত, ৬৫ শতাংশ মানুষই ভূমিহীন। কৃষি মজুর, চিংড়িঘেরের শ্রমিক, মাছ ও পোনা ধরা এখানকার অধিবাসীদের অন্যতম পেশা। মাত্র ৭ শতাংশ ধনী মানুষ এখানকার ৩৬ শতাংশ জমির মালিক।