দক্ষিণাঞ্চলের চরমপন্থী নেতা সুশীলসহ দুজন গ্রেপ্তার
চরমপন্থী সংগঠন পূর্ববাংলার সর্বহারা পার্টির (লাল পতাকা) রাজবাড়ীসহ দক্ষিণাঞ্চলের কমান্ডার সুশীল সরকার ওরফে সুশীল (৪২) ও তাঁর এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। রাজবাড়ী সদর থানার পুলিশের একটি দল গতকাল শুক্রবার ঢাকার সাভার ও নবীনগর থেকে তাঁদের গ্রেপ্তার করে।রাজবাড়ী সদর থানার পুলিশ ও গোয়েন্দা বিভাগ সূত্রে জানা গেছে, পূর্ববাংলার সর্বহারা পার্টির (লাল পতাকা) রাজবাড়ী, কুষ্টিয়া, মানিকগঞ্জ, পাবনাসহ দক্ষিণাঞ্চলের কমান্ডার সামাদ মেম্বার ওরফে আবদুস সামাদ ওরফে দুস্য কেহেরমান সম্প্রতি র্যাব-৮-এর অভিযানে নিহত হন। এরপর এ অঞ্চলের সব দায়িত্ব স্থানান্তর হয় তাঁরই সেকেন্ড ইন কামান্ড সুশীলের ওপর। পুলিশ দীর্ঘদিন ধরে সুশীলকে গ্রেপ্তারের চেষ্টা করছে। গতকাল বিকেলে রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) নিজাম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল সাভারের ইমানদিপুর এলাকা থেকে সুশীলকে গ্রেপ্তার করে। পরে পুলিশ নবীনগর থেকে সুশীলের সহযোগী লালন মোল্যাকে গ্রেপ্তার করে। সুশীলের বাড়ি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের হাউলি কেউটিল গ্রামে। লালনের বাড়ি সদর উপজেলার বরাট ইউনিয়নের সাভার গ্রামে। তাঁর বিরুদ্ধে উড়াকান্দা বাজারে বরাট ইউনিয়ন আওয়ামী লীগের নেতা সালাম মোল্যাসহ তিনটি হত্যা মামলা রয়েছে। রাজবাড়ী গোয়েন্দা বিভাগের দেওয়া তথ্যমতে, সুশীলের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় তিনটি হত্যা, দুটি অস্ত্র এবং রাজবাড়ী সদর থানায় একটি হত্যা মামলাসহ বেশ কয়েকটি চাঁদাবাজি ও সন্ত্রাসী মামলা রয়েছে।