দক্ষিণাঞ্চলের চার সড়কে পরিবহন ধর্মঘট, ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণাঞ্চলের চারটি সড়কে গতকাল সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। যশোর পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে এ ধর্মঘট পালিত হচ্ছে।পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ সূত্র জানায়, সড়ক দুর্ঘটনায় গত বুধবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান ও স্বাস্থ্য ব্যবস্থাপনা বিভাগের দুই ছাত্রছাত্রী নিহত হন। এ ঘটনার প্রতিবাদে গত রোববার শিক্ষার্থীরা যাত্রীবাহী দুটি বাস ভাঙচুর ও একটিতে আগুন ধরিয়ে দেন। পরে ঐক্য পরিষদ যশোরের পালবাড়ী মোড় থেকে কুষ্টিয়া পর্যন্ত সড়কে কোনো যানবাহন চলাচল করবে না বলে ঘোষণা দেয়। এতে যশোর-ঝিনাইদহ, যশোর-কুষ্টিয়া, যশোর-চুয়াডাঙ্গা ও যশোর-মেহেরপুর পথে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ হয়ে যায়।বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক সমিতির সভাপতি আজিজুল আলম প্রথম আলোকে বলেন, রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা দুটি বাস ভাঙচুর করে একটিতে আগুন ধরিয়ে দেন। এতে কমপক্ষে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। বাস চালানোর জন্য নিরাপত্তার সংকট রয়েছে। নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে।যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান বলেন, বাস পোড়ানোর ঘটনায় রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের ১৫০ জন শিক্ষার্থীর নামে মামলা হয়েছে।