দক্ষিণাঞ্চলের চোরাকারবারি সামসু ফের গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণাঞ্চলের আলোচিত চোরাকারবারি ও সন্ত্রাসী সামসুল আলম ওরফে ব্ল্যাকার সামসু আবার গ্রেপ্তার হয়েছে। র্যাবের সদস্যরা গতকাল রোববার দুপুরে খুলনার রূপসা উপজেলার রাজাপুর গ্রামের নিজ বাড়ি থেকে সামসুকে আটক করেন। তিনি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার খাদেম হত্যা মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। তাঁকে র্যাব-৬-এর খুলনা কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সূত্রে জানা যায়, চোরাচালানের অভিযোগে ব্ল্যাকার সামসু এর আগেও একাধিকবার গ্রেপ্তার হন। কিন্তু প্রতিবারই তিনি কিছুদিন কারাগারে থাকার পর জামিনে বেরিয়ে আবার চোরাকারবারে নেমে পড়েন। সামসু মূলত কুখ্যাত সন্ত্রাসী এরশাদ সিকদারের সঙ্গে যৌথভাবে দক্ষিণাঞ্চলের চোরাচালান ব্যবসা নিয়ন্ত্রণ করতেন। ১৯৯৯ সালের ১১ আগস্ট এরশাদ সিকদার গ্রেপ্তার হওয়ার পর খুলনার চোরাচালান ব্যবসা সামসুর নিয়ন্ত্রণে চলে যায়।মহানগর পুলিশ সূত্রে জানা যায়, ২০০৩ সালের ১০ মে এরশাদ সিকদারের ফাঁসি কার্যকর হওয়ার পর সামসু আত্মগোপন করেন। এর কিছুদিন পর খুলনা সদর থানার পুলিশ তাঁকে আটক করে। কিন্তু থানার তত্কালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আজম তিন লাখ টাকা উেকাচের বিনিময়ে সামসুকে ছেড়ে দেন বলে অভিযোগ ওঠে। এ ব্যাপারে সে সময় প্রথম আলোসহ একাধিক পত্রিকায় খবর প্রকাশিত হলে ওসিকে সদর থানার দায়িত্ব থেকে প্রত্যাহারসহ শাস্তিমূলক বদলি করা হয়। এর চার মাস পর সাতক্ষীরা সদর থানার পুলিশ চোরাচালানের অভিযোগে সামসুকে আটক করলেও একইভাবে তিনি ছাড়া পেয়ে যান।২০০৪ সালের মাঝামাঝি র্যাবের অভিযান শুরু হওয়ার পর সামসু খুলনা ছেড়ে ঢাকায় বসবাস শুরু করেন। ২০০৫ সালের ২৭ ডিসেম্বর রাজধানীর মিরপুর এলাকা থেকে র্যাব-৪-এর একটি দল সামসুকে গ্রেপ্তার করে। ২৮ ডিসেম্বর তাঁকে খুলনা র্যাব-৬-এর কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রূপসা উপজেলার রাজাপুরে তাঁর গ্রামের বাড়ি থেকে একটি রিভলবার ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ব্যাপারে তখন রূপসা থানায় অস্ত্র আইনে মামলা হয়। কিন্তু কয়েক মাসের মাথায় সামসু জামিনে মুক্তি পান। সর্বশেষ গত বছরের ৭ অক্টোবর খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সামসুকে গ্রেপ্তার করে। কিন্তু তিন মাসের মাথায় তিনি জামিনে মুক্তি পেয়ে আত্মগোপন করেন।