দক্ষিণাঞ্চলের পণ্যবাহী পরিবহন ধর্মঘট প্রত্যাহার
দক্ষিণাঞ্চলের ২১ জেলায় ডাকা পণ্যবাহী পরিবহন ধর্মঘট গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় প্রত্যাহার করা হয়েছে। এদিকে দুই দিনের পরিবহন ধর্মঘটে যশোরের বেনাপোল স্থল বন্দর ও সদর উপজেলার বারীনগর পাইকারি সবজির মোকামে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। ফলে পানির দরে সবজি বিক্রি করতে হয়েছে কৃষকদের।
যশোর জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক মো. শাহিন প্রথম আলোকে বলেন, বিকেল চারটা থেকে পণ্যবাহী পরিবহনের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) জারি করা ট্রাক ও কাভার্ড ভ্যানের সাইড অ্যাঙ্গেল, বাম্পার ও হুক অপসারণের সিদ্ধান্ত বাতিলসহ ১২ দফা দাবিতে ধর্মঘটের ডাক দেয় দক্ষিণের ২১ জেলার পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
বেনাপোল বন্দরের বাশকলে পচনশীল দ্রব্য পেঁয়াজ এবং রপ্তানিমুখী শিল্পের যন্ত্র ও যন্ত্রাংশ বোঝাই করে অন্তত ৫০টি ট্রাক দাঁড়িয়ে আছে। এ ছাড়া অন্তত ৭০০ ট্রাক পণ্য শুল্কায়ন হয়ে বন্দর থেকে বের হওয়ার অপেক্ষায় রয়েছে। ধর্মঘট প্রত্যাহার হলেও বন্দরে পর্যাপ্ত খালি ট্রাক নেই। যে কারণে পণ্য উঠানো যাচ্ছে না। বন্দর স্বাভাবিক হতে আরও একদিন সময় লাগবে বলে বন্দর ব্যবহারকারীরা জানিয়েছেন।
বেনাপোল স্থল বন্দরের উপপরিচালক (প্রশাসন) মো. রেজাউল করিম আজ বিকেলে প্রথম আলোকে বলেন, ‘ধর্মঘটের কারণে গত দুই দিনে বন্দর থেকে পণ্য বের হতে পারেনি। ধর্মঘটের প্রথম দিন সোমবার মাত্র ২৫টি পণ্য চালান নিয়ে ছয়টি ট্রাক বন্দর ছেড়ে গেলেও মঙ্গলবার কোনো ট্রাক বন্দর ছাড়তে পারেনি। অসংখ্য পচনশীল পণ্য বাশকলে পড়ে রয়েছে।’
বেনাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান বলেন, ‘প্রতিদিন ৪০০ থেকে ৫০০ ট্রাক পণ্য বন্দর থেকে বের হয়। সেখানে দুদিনে সামান্য পরিমাণ পণ্য বের হয়েছে। কথায় কথায় পরিবহন ধর্মঘট ডাকলে পণ্য পরিবহনের চরম ক্ষতি হয়। বন্দরে খালি ট্রাক নেই। যে কারণে ধর্মঘট প্রত্যাহার হলেও বন্দরের গুদাম থেকে পণ্য বের করা যাচ্ছে না।’
এদিকে যশোর সদর উপজেলার বারীনগর পাইকারি সবজির মোকাম থেকে দুদিনে কোনো ট্রাক সবজি নিয়ে দেশের কোথাও যেতে পারেনি। এ কারণে অনেকটা পানির দরে সবজি বেচাকেনা হয়েছে। কৃষক চরম লোকসানের মুখে পড়েছে।
হাটের ইজারাদার ফরিদুল ইসলাম বলেন, রবি ও বৃহস্পতিবার হাটের দিনে ১৫ ট্রাক করে ও অন্যদিনে ১০ ট্রাক করে সবজি এ হাট থেকে দেশের বিভিন্ন অঞ্চলে যায়। ধর্মঘটের কারণে মোকাম থেকে কোনো ট্রাক যেতে পারেনি। যে কারণে অর্ধেক দামে ধর্মঘটের প্রথম দিন সোমবার ও মঙ্গলবার আরও কম দামে কৃষককে সবজি বেচতে হয়েছে।
দুজন কৃষকের সঙ্গে কথা বলে জানা যায়, এ হাটে আজ বেগুন ৫-৬, ফুল কপি ৭-৮ ও শিম ৫-৬ টাকা কেজি দরে ও বাঁধা কপি ৫-৬ টাকা দরে প্রতিটি বিক্রি হয়েছে। দুদিন আগেও যা দ্বিগুণ দামে বিক্রি হয়েছে।
আরও পড়ুন: