দক্ষিণাঞ্চলের ২১ জেলায় ডাকা ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট গতকাল সোমবার ১২ ঘণ্টা বাকি থাকতে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। খুলনা বিভাগীয় প্রশাসনের সঙ্গে পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের আলোচনার পর গতকাল বিকেলে এ ধর্মঘট প্রত্যাহার করা হয়। গত রোববার ভোর ছয়টা থেকে শুরু হয়েছিল ধর্মঘট।
২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় বিশিষ্ট চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরের মৃত্যুর ঘটনায় দায়ের করা ক্ষতিপূরণ মামলা আটকে দেওয়ার লক্ষ্যে এই ধর্মঘট ডাকা হয়।
ধর্মঘটের কারণে প্রথম দিনের মতো গতকাল সারা দিন দক্ষিণাঞ্চলীয় জেলাগুলোয় যাতায়াতকারী অনেক মানুষকে দুর্ভোগ পোহাতে হয়। এ ছাড়া বিকেল পর্যন্ত বেনাপোল স্থলবন্দরে আটকে ছিল রপ্তানি পণ্যবাহী শত শত ট্রাক। খুলনা, যশোর ও মাগুরায় ধর্মঘটে কিছু যানবাহন চললেও পরিবহন শ্রমিকেরা তাতে চাঁদাবাজি করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ঢাকার বাইরের প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
খুলনার বিভাগীয় কমিশনার আবদুস সামাদের সঙ্গে গতকাল বিকেলে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের দক্ষিণ-পশ্চিমাঞ্চল কমিটির বৈঠকের পর এ কমিটির সদস্যসচিব আবদুর রহিম বক্স ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন। পরে সন্ধ্যা থেকে দক্ষিণাঞ্চলের সঙ্গে সারা দেশের পরিবহন ব্যবস্থা স্বাভাবিক হতে থাকে।
খুলনা সার্কিট হাউস মিলনায়তনে অনুষ্ঠিত বৈঠকে মালিক ও শ্রমিক নেতারা সরকারের কাছে তিনটি দাবি করেন। এগুলো হলো সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ ও মিশুক মুনির নিহত হওয়ার ঘটনায় করা মামলার বিচারকাজ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে করা, পরিবার থেকে ক্ষতিপূরণ চেয়ে করা মামলা প্রত্যাহার করা ও গ্রিন লাইন পরিবহনের নামে সিলেট জেলা ও দায়রা জজ আদালতে করা মামলা প্রত্যাহার করার দাবি।
বৈঠকে খুলনা বিভাগীয় কমিশনার মালিক-শ্রমিক প্রতিনিধিদের বলেন, ‘বিষয়টি আদালতে বিচারাধীন। তাই আইনের মাধ্যমেই এর নিষ্পত্তি করতে হবে। সামনে রমজান মাস। তাই আপনারা জনদুর্ভোগ সৃষ্টি করতে ধর্মঘটের মতো কর্মসূচি দেবেন না।’
এ সময় মালিক নেতারা শিগগিরই এ ধরনের কর্মসূচি না দেওয়ার আশ্বাস দেন। সড়ক দুর্ঘটনায় নিহত একজন ব্যক্তির জন্য যাতে কমপক্ষে এক লাখ টাকা বিমা থেকে দেওয়া হয়, সে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তাঁরা।
জনদুর্ভোগ ও পণ্য আটকা: ধর্মঘটে গতকালও সারা দিন চরম দুর্ভোগ পোহান যাত্রীরা। দূরপাল্লায় ট্রেন ও কাছের জেলাগুলোতে ইজিবাইকে কেউ কেউ গন্তব্যে যেতে পারলেও অনেককেই যাত্রা বাতিল করতে হয়। প্রচণ্ড গরমে যাত্রীদের কষ্ট চরমে ওঠে।
বরিশাল ও খুলনার মতো বৃহত্তর ফরিদপুরের জেলাগুলো থেকেও ধর্মঘটের দ্বিতীয় দিন ঢাকা ও ফরিদপুরের নয়টি আন্তজেলা পথে কোনো বাস চলাচল করেনি। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট থেকে স্থানীয় কিছুসংখ্যক লোককে দ্বিগুণ-তিন গুণ ভাড়ায় মাইক্রোবাস বা ব্যক্তিগত গাড়িতে যাত্রীদের গন্তব্যে নিয়ে যেতে দেখা গেছে।
ধর্মঘটে গতকাল বিকেল পর্যন্ত যশোরের বেনাপোল স্থলবন্দরে ৮০০ ট্রাক পণ্য আটকা ছিল।
চুয়াডাঙ্গা থেকে দূরের যাত্রীদের ভরসা হয়ে দাঁড়ায় ট্রেন। কিন্তু এখান থেকে গতকাল কোনো ট্রেন সময়মতো ছেড়ে যায়নি।
ধর্মঘটের কারণে সাতক্ষীরার শতাধিক আম ব্যবসায়ী গত দুই দিন উৎপাদিত আম জেলার বাইরে পাঠাতে পারেননি। এতে লোকসানের মুখে পড়েছেন তাঁরা।