দক্ষিণাঞ্চলের যাত্রীদের গলার কাঁটা ফেরিঘাট
ঈদে দক্ষিণাঞ্চলগামী যাত্রীদের ভোগান্তির অন্যতম কারণ পাটুরিয়া-দৌলতদিয়া ও মাওয়া-কাওরাকান্দি ফেরিঘাটের যানজট। ঈদের আগে ঘরমুখী মানুষের চাপ বেড়ে যাওয়ায় এই ভোগান্তি বেড়েছে আরও কয়েক গুণ। সেই সঙ্গে পদ্মার তীব্র স্রোতে দৌলতদিয়া ঘাটে ভাঙনে একের পর এক ঘাট বন্ধ হওয়ায় দক্ষিণাঞ্চলগামী মানুষের গলার কাঁটা হয়ে উঠেছে এই ফেরিঘাট।
রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মার ভাঙনে শনিবার দুপুরে বন্ধ হওয়া ৩ নম্বর ঘাট এখনো চালু করতে পারেনি কর্তৃপক্ষ। ৪ নম্বর ঘাটের সংলগ্ন সড়ক ধসে যাওয়ায় যেকোনো মুহূর্তে এটিও বন্ধের আশঙ্কা করছে কর্তৃপক্ষ। পরিস্থিতি সামাল দিতে আজ রোববার থেকে সেখানে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বালুভর্তি জিও ব্যাগ ফেলতে শুরু করেছে। অপর দুটি ঘাটের অবস্থাও নাজুক হয়ে পড়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সূত্রে জানা যায়, দৌলতদিয়ার চারটি ঘাটের মধ্যে ১ নম্বর ঘাটটি সচল রয়েছে। ২ নম্বর ঘাটটি ছোট (ইউটিলিটি) ফেরির জন্য তৈরি করা হলেও প্রচণ্ড স্রোতের কারণে সেখানে ফেরি ভিড়তে পারছে না। ৩ নম্বর ঘাট শনিবার দুপুরে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান পরিদর্শন করে যাওয়ার পর মুহূর্তেই ভাঙনের কারণে বন্ধ হয়ে যায়। এখনো সেটি চালু করা সম্ভব হয়নি। এ ছাড়া ৪ নম্বর ঘাটসংলগ্ন সড়কের অনেকটা ভেঙে পড়ায় যেকোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে।
এদিকে ঘাটে ঠিকমতো ফেরি ভিড়তে না পারায় চরম ভোগান্তিতে পড়েছে ঈদে দক্ষিণাঞ্চলের ঘরমুখী যাত্রীরা। ঘাটের দুই পাশেই কয়েক কিলোমিটার যানবাহনের দীর্ঘ সারি। ঘণ্টার পর ঘণ্টা বসে থেকেও ফেরির দেখা মিলছে না। ময়মনসিংহ থেকে গোয়ালন্দের উদ্দেশে রওনা করেন রফিকুল ইসলাম। সারা দিন সড়কপথে সময় পার করার পর পাটুরিয়া ঘাটে এসে প্রায় চার ঘণ্টা যানজটে বসে থাকার পর ফেরিতে উঠতে পারেন। তাঁর মতো আরও অনেককেই চার থেকে ছয় ঘণ্টা পর্যন্ত ফেরিঘাটে বসে থাকতে হচ্ছে।
আজ রোববার দুপুরে ঘাটে গিয়ে দেখা যায়, সব কটি (চারটি) ঘাটের কাছেই জিও ব্যাগ এনে স্তূপ করে রাখা হয়েছে। ৪ নম্বর ঘাটে কয়েকজন শ্রমিক জিও ব্যাগে বালু ভর্তি করে ভাঙনকবলিত স্থানে ফেলাচ্ছেন। এ সময় রাজবাড়ীর জেলা প্রশাসক জিনাত আরা, পাউবোর নির্বাহী প্রকৌশলী গৌড় পদ সূত্রধর, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ ঘোষ উপস্থিত ছিলেন।
জানতে চাইলে পাউবো রাজবাড়ীর উপবিভাগীয় প্রকৌশলী এস এম নূরন্নবী জানান, ‘আমরা এখনো কিছুই বলতে পারছি না। তবে ইকো সাউন্ডার যন্ত্র দিয়ে পানির গভীরতা মাপার পর কাজ শুরু করা হবে।’ এত দিন পর ঘাটে আসার কারণ জানতে চাইলে বলেন, ‘আন্তমন্ত্রণালয়ের সিদ্ধান্তে শনিবার দুপুরে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ফেরি ঘাটের ভাঙন এলাকা পরিদর্শন করেন। এ সময় তাৎক্ষণিকভাবে তিনি স্থানীয় পানি উন্নয়ন বোর্ডকে দ্রুত প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। এরপর থেকে জরুরি সংস্কারকাজ হিসেবে ৪ নম্বর ঘাট থেকে ৩৫০ মিটার এলাকাজুড়ে বালু ভর্তি জিও ব্যাগ ডাম্পিংয়ের উদ্যোগ নেওয়া হয়। ঈদের আগে আপাতত পাঁচ হাজারের মতো বস্তা ফেলা হবে। ঈদের পর থেকে ভাঙন প্রতিরোধে পুরোদমে কাজ শুরু হবে। তবে এর আগেই কাজ শুরু করা যেত, কিন্তু অর্থ বরাদ্দ না থাকায় আমরা শুরু করতে পারিনি।’
ঘাট পার হওয়ার পরও চাহিদা অনুযায়ী মিলছে না গাড়ি। অনেককেই তাই ফেরি থেকে নেমে দীর্ঘ পথ হেঁটে যেতে দেখা যায়। নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে পরিবার নিয়ে ভোর চারটায় রওনা দেন পোশাক কারখানার কর্মকর্তা আলিমুজ্জামান (৪০)। ফেরিতে নদী পাড়ি দিয়ে দৌলতদিয়া পৌঁছান বেলা দেড়টায়। কিন্তু ঘাট পার হয়েও কোনো বাহন না পেয়ে ফেরিঘাট থেকে এক হাতে লাগেজ ও কাঁধে মেয়েকে নিয়ে হাঁটতে শুরু করেন। তাঁর স্ত্রী প্রমী আক্তারেরও হাতে একটি ব্যাগ ও কোলে আরেক সন্তান। মাত্র চার ঘণ্টার পথ পাড়ি দিতে দশ ঘণ্টার বেশি সময় লাগায় ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।
ঘাটে গিয়ে দেখা যায়, দৌলতদিয়া ঘাটের যানজট এড়াতে কর্তব্যরত পুলিশ সদস্যরা গোয়ালন্দের পদ্মার মোড় থেকে মাহেন্দ্র, অটোরিকশাসহ ছোট যানবাহন সরাসরি মহাসড়ক দিয়ে ঘাটে পৌঁছাতে দিচ্ছে না। পদ্মার মোড় থেকে তাদের ঘুরিয়ে গোয়ালন্দ বাজার হয়ে পূর্ব উজানচর ও চর দৌলতদিয়া দিয়ে দৌলতদিয়া ঘাটে পৌঁছাচ্ছে। পাঁচ কিলোমিটার পথ যেতে প্রায় ১২ কিলোমিটার ঘুরে আসতে হচ্ছে। এদিকে ছোট গাড়ি ঘুরিয়ে দেওয়ায় দৌলতদিয়া বাজারের কাছে দুলাল ব্যাপারী পাড়ায় বিশাল জট লেগেছে। সেখানেও ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হচ্ছে।
ঘাটে কর্তব্যরত গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা আবুল কালাম আজাদ বলেন, ‘ঘাটের যানজট এড়াতে তিন দিন ধরে গোয়ালন্দ থেকে সরাসরি ছোট গাড়িগুলো ঘাটে যেতে দেওয়া হচ্ছে না। তারা কিছুটা পথ ঘুরে আসায় যানবাহনের চাপ অনেকটা কমছে। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’
পাটুরিয়া-দৌলতদিয়ার মতো মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-কাওরাকান্দি নৌপথেও আজ রোববার সকাল থেকেই মানুষের ঢল নামে। ফেরির পাশাপাশি লঞ্চ ও স্পিডবোট ঘাটেও ছিল মানুষের উপচে পড়া ভিড়। ফেরিঘাটে যানবাহনের প্রচণ্ড চাপ থাকায় ঘণ্টার পর ঘণ্টা গাড়িগুলোকে ফেরির জন্য অপেক্ষা করতে হচ্ছে। এ কারণে গাড়ির যাত্রীদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে।
শিমুলিয়া ঘাটসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শিমুলিয়া-কাওরাকান্দি নৌপথে আজ রোববারও ১৮টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হয়। এর মধ্যে পাঁচটি রোরো ফেরি (বড় আকৃতির ফেরি) রয়েছে। সকাল থেকেই শিমুলিয়া ঘাটে গাড়ির চাপ বাড়তে থাকে। সারা দিন একই পরিস্থিতি বিরাজ করে। বেলা তিনটা পর্যন্ত শিমুলিয়া ঘাটে ছোট–বড় ও পণ্যবাহী ট্রাক মিলে ৫০০ থেকে ৬০০ গাড়ি আটকা পড়ে। এর মধ্যে পণ্যবাহী ট্রাক রয়েছে প্রায় আড়াই শ।
ঢাকা থেকে খুলনাগামী যাত্রী আয়শা সুলতানা বলেন, ‘বেলা একটায় ঘাটে এসেছি। তিন ঘণ্টা পার হতে চলেছে। কিন্তু এখনো ফেরিতে উঠতে পারিনি।’ লঞ্চঘাটে অপর এক যাত্রী বোরহান উদ্দিন বলেন, ‘মাদারীপুরে শিবচরে যাব। পরিবারের সবাই মিলে বাড়ি যেতে এখন লঞ্চে উঠব। কিন্তু লঞ্চঘাটে মানুষের যে ভিড়, তাতে শিশুদের নিয়ে লঞ্চে উঠতে সমস্যায় পড়তে হচ্ছে।’ এ সময় একাধিক যাত্রী অভিযোগ করেন, লঞ্চগুলো অতিরিক্ত যাত্রী নিয়ে ঘাট ছাড়ছে।
শিমুলিয়া ঘাটে বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক গিয়াস উদ্দিন পাটোয়ারি বলেন, ‘ঘাটে প্রচুর গাড়ি। গাড়ির এত চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। পণ্যবাহী ট্রাক রয়েছে প্রায় আড়াই শ। ছোট গাড়ি ও বাস অগ্রাধিকার ভিত্তিতে পার করা হচ্ছে। মাঝেমধ্যে খুব জরুরি দেখা দিলে পণ্যবাহী ট্রাক পার করা হচ্ছে।’