দক্ষিণাঞ্চলের ১৮ সড়কে পরিবহন ধর্মঘট মানুষের দুর্ভোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণাঞ্চলের ১৮টি সড়কে গতকাল বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা পরিবহন ধর্মঘট পালিত হয়েছে। ধর্মঘটের কারণে সাধারণ মানুষের পাশাপাশি প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে। সড়ক সংস্কার, বাসের ভাড়া বৃদ্ধি, গাড়ির যন্ত্রাংশের ওপর থেকে কর কমানোসহ পাঁচ দফা দাবিতে যশোর জেলা সড়ক পরিবহন সমিতির ডাকে ওই ধর্মঘট পালিত হয়েছে। এর আগে ১৬ নভেম্বর সমিতির এক বৈঠকে সিদ্ধান্ত হয়, ২৩ নভেম্বরের মধ্যে তাদের দাবি না মানলে ২৪ নভেম্বর ওই ধর্মঘট পালন করা হবে। ধর্মঘট চলাকালে দেখা যায়, সকাল থেকে যশোর শহরের পালবাড়ী, মুড়ুলী, মনিহার, রাজারহাটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে পরিবহন শ্রমিকেরা লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেয়। তারা ভাড়ায় চালিত কোনো যানবাহন চলাচল করতে দেয়নি।