দক্ষিণাঞ্চলের ২২ রুটে রোববার থেকে বাস-ট্রাক চলাচল বন্ধের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাটে চাঁদাবাজি ও যাত্রী হয়রানি বন্ধ না হলে ৮ এপ্রিল রোববার থেকে দক্ষিণাঞ্চলের ২২ রুটে বাস ও ট্রাক চলাচল বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন।গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এ এস এম আলী খবির চান বলেন, একটি দালাল চক্র ট্রাকগুলোকে টার্মিনালে দাঁড় না করিয়ে সরাসরি ফেরিঘাটে আনছে। ফলে বাস ও ট্রাক একই লাইনে দাঁড়িয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি করছে। যানজট সৃষ্টি করে পণ্যবাহী ট্রাকপ্রতি এক থেকে দেড় হাজার টাকা পর্যন্ত চাঁদা নেওয়া হয়।সংবাদ সম্মেলনে সাত দফা দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে ফেরিতে ওঠার জন্য চাঁদাবাজি বন্ধ, যাত্রীবাহী বাসগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে ফেরিতে ওঠানোর সুযোগ দেওয়া, দালাল চক্র ও রাজনৈতিক পরিচয়ধারী ক্যাডারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া, পর্যাপ্ত ফেরির ব্যবস্থা করা, ফেরির গতি বাড়ানো ইত্যাদি। সংবাদ সম্মেলনে বলা হয়, এসব দাবি পূরণ করা না হলে ৮ এপ্রিল থেকে দক্ষিণাঞ্চলের ২২ রুটে বাস ও ট্রাক চলাচল বন্ধ করে দেওয়া হবে।সংবাদ সম্মেলনে বলা হয়, আগে যাত্রীবাহী বাসগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে ফেরিতে ওঠানোর ব্যবস্থা করা হলেও এখন তা মানা হচ্ছে না। অব্যবস্থার কারণে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ঢাকায় পৌঁছাতে স্থানভেদে পাঁচ থেকে সাত ঘণ্টার পরিবর্তে ১২ থেকে ১৫ ঘণ্টা লাগছে। এ জন্য দায়ী বিআইডব্লিউটিসি, স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু ব্যক্তি ও রাজনৈতিক পরিচয়ধারী কিছু ব্যক্তি।সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের নেতা ফারুক তালুকদার, এরশাদ উল্লাহ, হুমায়ূন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।