দক্ষিণে অপসারণ ৪৪ হাজার, উত্তরে ৯০ শতাংশ বাস্তবায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্টের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন অঞ্চলভিত্তিক মোট ৪৩ হাজার ৯০৩টি ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণ করেছে। এ হিসাব ১৯ আগস্ট পর্যন্ত।
অননুমোদিত বিলবোর্ড, ব্যানার, পোস্টার, ফেস্টুন, গেট, তোরণ ও দেয়াললিখন অপসারণের কার্যক্রম ইতিমধ্যে (২১ আগস্ট পর্যন্ত) ৯০ শতাংশ বাস্তবায়ন হয়েছে বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। ডিএনসিসি বলছে, তাদের এলাকায় অননুমোদিত বিভিন্ন ধরনের বিলবোর্ড, ব্যানার, পোস্টার, ফেস্টুন, গেট, তোরণ ও দেয়াললেখন ইত্যাদি অপসারণ চলমান প্রক্রিয়া।
হাইকোর্টের নির্দেশনার পরিপ্রেক্ষিতে দুই সিটি করপোরেশনের পক্ষ থেকে দেওয়া প্রতিবেদনে এমন তথ্য এসেছে। দুই সিটি করপোরেশনের আইনজীবী মো. শাহজাহান গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, প্রতিবেদন দুটি হলফনামা করা হয়েছে। আজ মঙ্গলবার আদালতে দাখিল করা হবে।
এর আগে ১৪ আগস্ট হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ দুই সিটি করপোরেশন অননুমোদিত হোর্ডিং, পোস্টার, ব্যানার, তোরণ, দেয়াললিখন ও অন্যান্য প্রচারণা সামগ্রী অপসারণে নেওয়া পদক্ষেপ জানতে চান। সেই সঙ্গে দেয়াললিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইন, ২০১২ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সিটি করপোরেশন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছিল কি না, তাও জানতে চাওয়া হয়। ২২ আগস্টের মধ্যে হলফনামা করে ব্যাখ্যা জানিয়ে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে দুই সিটি করপোরেশনের মেয়রকে নির্দেশ দেওয়া হয়। ২০১২ সালের মেয়র নির্বাচনের আগে অননুমোদিত হোর্ডিং, পোস্টার, ব্যানার, তোরণ, দেয়াললিখন ও অন্যান্য প্রচারণা সামগ্রী অপসারণের নির্দেশনা চেয়ে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি রিট করে। এর প্রাথমিক শুনানি নিয়ে ২০১২ সালের ১৮ মার্চ হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রুলসহ অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছিলেন। এর ধারাবাহিকতায় ১৪ আগস্ট আদালত ওই আদেশ দিয়েছিলেন।