দক্ষিণে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী-সমর্থকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় প্রেসক্লাব এলাকায় গতকাল সকালে ঢাকা দক্ষিণে বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে গণসংযোগ করেন তাঁর স্ত্রী আফরোজা আব্বাস l প্রথম আলো
জাতীয় প্রেসক্লাব এলাকায় গতকাল সকালে ঢাকা দক্ষিণে বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে গণসংযোগ করেন তাঁর স্ত্রী আফরোজা আব্বাস l প্রথম আলো

মানুষ ডাকের অপেক্ষায় থাকেনি, স্বতঃস্ফূর্তভাবে মাঠে নেমে এসেছে বলে দাবি করেছেন ঢাকা দক্ষিণে বিএনপি-সমর্থিত মেয়র পদে প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস। অন্যদিকে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন বলেন, সবাই ঐক্যবদ্ধ থাকলে তাঁকে পৃথিবীর কোনো শক্তি পরাজিত করতে পারবে না। গতকাল ঢাকা দক্ষিণের বিভিন্ন অংশে প্রচারণায় ব্যস্ত ছিলেন দল-সমর্থিত মেয়র প্রার্থীরা।
আফরোজা আব্বাস: আত্মগোপনে থাকলেও ঢাকা দক্ষিণে বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের সঙ্গে দলের নেতা-কর্মীদের যোগাযোগ রয়েছে বলে দাবি করেন তাঁর স্ত্রী আফরোজা আব্বাস। তিনি বলেন, ‘আমরা কোনো অন্যায় আবদার করছি না, বাড়তি সুযোগ-সুবিধাও চাই না। আমরা বরাবরই দাবি করছি, মির্জা আব্বাসকে নির্বাচনী গণসংযোগ ও নির্বাচনমুখী কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য তাঁকে জামিন দিতে হবে।’
বিজয়নগর, সেগুনবাগিচা ও তোপখানা রোড ও বিকেলে প্রেসক্লাব এলাকায় চতুর্থ দিনের মতো প্রচারণাকালে বিভিন্ন সময় গণমাধ্যমের সঙ্গে কথা বলেন আফরোজা। তাঁকে সঙ্গ দেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, সাবেক সাংসদ সুলতানা আহমেদ, বিলকিস ইসলাম, ওলামা লীগের সভাপতি আবদুল মালেক, তাঁতী দলের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলমসহ স্থানীয় নেতারা।
এ ছাড়া ধলপুর, আউটফল, আদর্শ কলোনি, পোড়া কলোনি, মান্নান কলোনি, নবো সরদার কলোনি, গোলাপবাগ বাজার ও ধলপুর বাজারে মির্জা আব্বাসের পক্ষে প্রচারণা চালানো হয়।
সাঈদ খোকন: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন বলেন, ‘প্রতিক্রিয়াশীল শক্তির সঙ্গে আমাদের এই নির্বাচনী যুদ্ধ। তাই এই নির্বাচনে পরাজিত হওয়ার কোনো সুযোগ নেই। সবাই ঐক্যবদ্ধ থাকলে, পৃথিবীর কোনো শক্তিই নেই আমাদের পরাজিত করে।’
গতকাল শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ-

রাজধানীর ধূপখোলা এলাকায় গতকাল প্রচারণা চালান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন l প্রথম আলো
রাজধানীর ধূপখোলা এলাকায় গতকাল প্রচারণা চালান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন l প্রথম আলো

সমর্থিত মেয়র ও কাউন্সিলর পদের প্রার্থীদের সঙ্গে এ মতবিনিময় সভার আয়োজন ঢাকা মহানগর আওয়ামী লীগ।
ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের সমন্বয়ক আবদুর রাজ্জাক, সাংসদ সাবের হোসেন চৌধুরী, ফজলে নূর তাপস প্রমুখ। তবে মতবিনিময় সভার শুরুতেই হাতাহাতি হয়। নেতাদের হস্তক্ষেপে শান্ত হলেও দর্শক-শ্রোতার সারি উত্তপ্ত ও সরগরম হতে থাকে।
সাঈদ খোকন সকাল সাড়ে ১১টার দিকে সূত্রাপুর থানার ৪৫ ও ৪৬ নম্বর ওয়ার্ডে জনসংযোগ করেন। এ সময় তাঁর সামনের টেবিলে ছিল কয়েকটি ইলিশ মাছ। সাঈদ খোকন ইলিশ প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
গতকালও বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন জাতীয় পার্টি-সমর্থিত মেয়র প্রার্থী মোহাম্মদ সাইফুদ্দিন। তিনি গণসংযোগের সময় অঙ্গীকার করেন তিনি মেয়র হলে কামরাঙ্গীরচরকে আধুনিক মডেল এলাকা হিসেবে গড়ে তোলা হবে। সদরঘাট এলাকায় জনসংযোগ করেন জাসদ-সমর্থিত প্রার্থী মো. শহিদুল ইসলাম। শান্তিনগর, চামেলিবাগ, মতিঝিল ও বেইলি রোড এলাকায় গতকাল জনসংযোগ করেন সিপিবি-বাসদের সমর্থিত মেয়র প্রার্থী বজলুর রশীদ ফিরোজ।