দক্ষিণে বন্যা, উত্তরে বৃষ্টি নেই

দক্ষিণাঞ্চল যখন ভারী বৃষ্টিতে ভিজছে, তখন উত্তরের জনপদে বৃষ্টি অনেকটাই কম। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃষ্টিহীন ছিল রংপুর, নীলফামারী আর দিনাজপুরে তাপমাত্রা কিছুটা বেশি ছিল। ফসলের মাঠে অনেককেই সেচ দিতে দেখা গেছে।
আবহাওয়াবিদেরা বলছেন, দেশের দুই অঞ্চলে আবহাওয়ার এই দুই আচরণের কারণ বঙ্গোপসাগরের নিম্নচাপ। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটির কারণে উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু অপেক্ষাকৃত কম সক্রিয়। ফলে ভারী বর্ষণ শুধুই দক্ষিণাঞ্চলের জনপদজুড়েই দেখা যাচ্ছে।
চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী ও নোয়াখালীতে তো বৃষ্টির কারণে এখন বন্যা। এ জনপদের ফসলের মাঠ, মাছের ঘের, বাড়িঘর বন্যায় প্লাবিত।
অবশ্য আবহাওয়া অধিদপ্তরের সাবেক মহাপরিচালক সমরেন্দ্র কর্মকার গত এক সপ্তাহজুড়ে দেশের দক্ষিণাঞ্চলে বন্যা এবং উত্তরাঞ্চলে বৃষ্টিহীন অবস্থাকে আবহাওয়ার স্বাভাবিক আচরণ হিসেবেই দেখছেন। মূলত বঙ্গোপসাগরের নিম্নচাপের কারণে উত্তর ও মধ্যাঞ্চলে মৌসুমি বায়ু ও সঞ্চালনশীল মেঘমালা যেতে পারছে না। ফলে দেশের উপকূলসহ দক্ষিণাঞ্চলে বৃষ্টি হচ্ছে। তবে নিম্নচাপটি উপকূল অতিক্রম করলে সারা দেশেই কম-বেশি বৃষ্টি হতে পারে।
আবহাওয়া বিভাগের গত জুন মাসের বৃষ্টিপাতের রেকর্ড পর্যালোচনা করে দেখা গেছে, দেশের দক্ষিণাঞ্চলের চেয়ে উত্তরাঞ্চলে কম বৃষ্টি হয়েছে। রাজশাহী ও রংপুর বিভাগে বৃষ্টিপাত চট্টগ্রাম, বরিশাল ও খুলনার চেয়ে প্রায় ১০ শতাংশ কম ছিল। চলতি সপ্তাহেও বৃষ্টিপাতের এই ধরন অব্যাহত আছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কামরুল হাসান প্রথম আলোকে বলেন, দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বৃষ্টিহীন থাকার মানে এই নয় যে ওই এলাকাগুলোতে আজ বৃষ্টি হবে না। আজ-কালের মধ্যে নিম্নচাপটি উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে। এতে সারা দেশেই কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ দেশের খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে পাহাড়ি এলাকায় ভূমিধস হতে পারে। বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া। ঝোড়ো হাওয়ার আশঙ্কায় কক্সবাজার উপকূল এবং চট্টগ্রাম, মংলা ও পায়রাবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
ঝোড়ো হাওয়ার আশঙ্কায় বঙ্গোপসাগরে অবস্থানরত নৌযানগুলোকে উপকূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে আবহাওয়া বিভাগ থেকে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নৌযানগুলোকে সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল দুপুর পর্যন্ত নিম্নচাপটি চট্টগ্রাম বন্দর থেকে ১৮০ কিলোমিটার, কক্সবাজার থেকে ২০০, মংলা থেকে ৭৫ ও পায়রাবন্দর থেকে ১০ কিলোমিটার দূরে অবস্থান করছিল।
নিম্নচাপটি যতই উপকূলের কাছাকাছি আসছে, ততই এর কেন্দ্রে বাতাসের গতিবেগ বাড়ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪৪ কিলোমিটার বলে জানিয়েছে তারা। যা দমকা ও ঝোড়ো হাওয়ার বেগে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রে সাগর উত্তাল রয়েছে।
গতকাল রাজধানীতে সারা দিন বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৯ মিলিমিটার। দেশে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে নোয়াখালীর মাইজদী কোর্টে, ১১৫ মিলিমিটার। এ ছাড়া কুতুবদিয়ায় ৮৮, কক্সবাজারে ৮৭, হাতিয়ায় ৮৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল দিনাজপুরে, ৩৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।