দক্ষিণে বোরো আবাদ কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেচসংকট ও ধানের দাম কম হওয়ায় চলতি বছর দক্ষিণাঞ্চলে বোরো চাষের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। এ অঞ্চলের ১১টি জেলায় এবার লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ২৫ হাজার হেক্টর কম জমিতে বোরো আবাদ হয়েছে।ঝালকাঠি জেলার রমনাথপুর গ্রামের কৃষক মাহামুদ হোসেন জানান, ডিজেল ও বিদ্যুতের দাম বাড়ানোর অজুহাতে সেচযন্ত্রের ব্যবস্থাপকেরা সেচের খরচ একরপ্রতি এক হাজার টাকা করে বেশি নিচ্ছেন। তাই লোকসানের পরিমাণ আগের চেয়ে বেড়ে যাওয়ার আশঙ্কায় তিনি এবার জমিতে মসুরের ডাল ও সরিষা আবাদ করেছেন।বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নের কৃষক মো. শামিম জানান, তিনি গত বছর প্রায় চার একর জমিতে বোরো আবাদ করেন। যে ধান পেয়েছেন তা বিক্রি করে উৎপাদন খরচ তুলতে পারেননি বরং ২৫ হাজার টাকা লোকসান গুনেছেন। তাই এবার সীমিত আকারে চাষ করেছেন। কিন্তু মিঠাপানির অভাবে সেচ দিতে না পারায় এবার উৎপাদন কম হওয়ার আশঙ্কা করছেন। প্রায় একই ধরনের কথা বলেন একই ইউনিয়নের গোড়াপদ্মা গ্রামের চাষি শাহ আলম গাজীসহ কয়েকজন।কৃষি সম্প্রসারণ বিভাগের বরিশাল আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, এ কার্যালয়ের আওতাধীন ১১টি জেলায় চলতি মৌসুমে তিন লাখ ৪৭ হাজার হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। আবাদ হয়েছে প্রায় সোয়া তিন লাখ হেক্টরে। স্বরূপকাঠি উপজেলা কৃষি কর্মকর্তা মো. শহিদুল্লাহ প্রথম আলোকে জানান, গত বছর এ উপজেলায় সাড়ে তিন হাজার হেক্টর জমিতে বোরো আবাদ হয়। এবার তা কমে তিন হাজার ২৫০ হেক্টর হয়েছে। মিঠাপানির স্তর নিচে নেমে যাওয়ায় সেচসংকটের কারণে এবার উৎপাদনেও ধস নামতে পারে। বরগুনা সদর উপজেলা কৃষি কর্মকর্তা হারুন অর রশিদ জানান, এ উপজেলায় গতবার ৩৮৫ হেক্টর জমিতে বোরো আবাদ হলেও এবার হয়েছে মাত্র ১২০ হেক্টরে। এবার আবাদ আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় আমরাও অনেকটা হতাশ। এ জন্য ধানের মূল্য বৃদ্ধি ও কৃষক পর্যায়ে প্রণোদনা বাড়ানো দরকার।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশাল অঞ্চল শাখার অতিরিক্ত পরিচালক খন্দকার সিরাজুল করিম বলেন, উৎপাদন খরচের তুলনায় বাজারে ধানের দাম কম হওয়ায় এবার কৃষকের মাঝে বোরো চাষে উৎসাহ কিছুটা কম ছিল। বোরো আবাদ লাভজনক করে তুলতে পারলে এ সমস্যা কেটে যাবে। এ জন্য মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তারা সব সময় পরামর্শের জন্য কৃষকের পাশে রয়েছেন।