দক্ষিণের আমন বীজতলার ব্যাপক ক্ষতির আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অমাবস্যা ও বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলে পাঁচ দিন ধরে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। সেই সঙ্গে নদ-নদীতে অধিক উচ্চতার জোয়ারও অব্যাহত আছে। এতে এ অঞ্চলের প্রধান ফসল আমনের বীজতলার ব্যাপক ক্ষতির আশঙ্কায় কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, গেল আষাঢ়ের এক দফা টানা বর্ষণে আমনের বীজতলা করেও জলাবদ্ধতার কারণে পচে যাওয়ায় আমন ধানের চারা রোপণ করতে পারেননি তাঁরা। এখন নতুন করে টানা বর্ষণ ও জলোচ্ছ্বাসে পুনরায় বীজতলায় পচন ধরতে শুরু করেছে। বর্ষণ ও জলোচ্ছ্বাস অব্যাহত থাকলে এবারও বীজতলা রক্ষা করতে পারবেন না তাঁরা।
গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বরিশাল নগর ও দক্ষিণের সব কটি জেলায় ভারী বর্ষণ হয়। বরিশালের কীর্তনখোলা, পটুয়াখালীর পায়রা, বরগুনার বিষখালী নদী ও বলেশ্বর নদে স্বাভাবিকের চেয়ে এক মিটার উচ্চতার জলোচ্ছ্বাস হয়। তবে তা আগের তিন দিনের চেয়ে কিছুটা কম বলে সংশ্লিষ্ট জেলাগুলোর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা জানিয়েছেন।
গৌরনদী উপজেলার পশ্চিম সাওয়া গ্রামের কৃষক নান্নু খাঁ বলেন, আমন বীজের সংকট হওয়ায় অতিরিক্ত মূল্যে বাজার থেকে বীজ কিনে বীজতলা করেছিলেন। কিন্তু টানা বৃষ্টিতে বীজতলায় পানি জমে গোড়ায় পচন ধরেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, এবার উপজেলায় ৬২০ হেক্টর আমন বীজতলা হয়েছিল। টানা বর্ষণে এর ২৮০ হেক্টর ক্ষতিগ্রস্ত। বর্ষণ কয়েক দিন অব্যাহত থাকলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়বে।
একই অবস্থা উজিরপুর ও আগৈলঝাড়া উপজেলায়। উজিরপুরের পরমানন্দ সাহা গ্রামের কৃষক আইউব আলী বলেন, তিনি বীজতলা যা করেছিলেন, তাতে পানি জমে গেছে। এই পানি কবে নামবে তার নিশ্চয়তা নেই।
ঝালকাঠির রাজাপুর উপজেলার পূর্ব চর রাজাপুর গ্রামের কৃষক আবদুল কুদ্দুস হাওলাদার বলেন, আষাঢ়ের শুরুতে তিনি একবার আমনের বীজতলা করেছিলেন। কিন্তু ওই সময়ে বর্ষণে তা পচে গেছে। এখন নতুন করে যে বীজতলা করেছেন, কয়েক দিনের টানা বর্ষণে তাতেও পানি জমে যাওয়ায় পচনের আশঙ্কা করছেন।
পাঁচ দিনের অতিবর্ষণের পানি নিষ্কাশিত না হওয়ায় বরগুনার আমতলী ও তালতলী উপজেলায় মারাত্মক জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে আমনের বীজতলা নিয়ে গভীর শঙ্কায় আছেন দুই উপজেলার অন্তত ৫১ হাজার কৃষক।
আমতলী কৃষি কার্যালয় সূত্র জানায়, এই দুই উপজেলার এ বছর আমন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৮ হাজার ৪৫০ হেক্টর জমি। এর মধ্যে এসব জমি আবাদের কাজ চলছে। বীজতলা তৈরি করেছেন কৃষকেরা। কিন্তু টানা বর্ষণে এসব বীজতলা জলাবদ্ধতার কবলে পড়েছে। বীজতলা পানি নিচে তলিয়ে থাকায় গভীর উৎকণ্ঠায় আছেন কৃষকেরা।
আমতলীর আঠারোগাছিয়া গ্রামের কৃষক শাহ আলম হাওলাদার বলেন, ‘এক একর জমিতে বীজতলা তৈরি করেছি। জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় বীজ পচে যাচ্ছে। আষাঢ়ে একবার বীজতলা করে পচে যাওয়ায় জমিতে রোপণ করতে পারিনি। এবারও যদি বীজ পচে যায়, তবে জমি চাষ করা অসম্ভব হয়ে যাবে। কারণ, এখন বাজারেও বীজ পাওয়া যাবে না। আবার পাওয়া গেলেও নতুন করে বীজতলা করে তা রোপণ করলে ফলন আসবে না।’