দক্ষিণের কৃষি ও মৎস্য সম্পদ হুমকিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছরের পর বছর তাপমাত্রা বৃদ্ধি ও নদ-নদীর পানির প্রবাহ কমে যাওয়ায় বৃহত্তর বরিশালসহ দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় লবণাক্ততা বেড়ে গেছে। হুমকির মুখে পড়েছে কৃষি ও মৎস্য সম্পদ।
মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের বরিশাল আঞ্চলিক কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা লিয়াকত হোসেন বলেন, খরা ও অধিক তাপমাত্রায় মাটি ও পানিতে লবণের ভাগ বেড়ে যায়। সাধারণত প্রতি লিটার পানিতে লবণের হার চার থেকে আট ডেসিসিমেন (ডিএস/এম) পর্যন্ত থাকলে ধান চাষ করা সম্ভব। কিন্তু বরিশাল অঞ্চলে অনেক স্থানেই লবণের ভাগ ১৫ থেকে ২৮ ডেসিসিমেন পর্যন্ত পাওয়া গেছে। তিনি আরও জানান, ১৯৭৩ সাল থেকে চারটি জরিপ হয়েছে। প্রতিটি জরিপেই আবাদি জমিতে লবণাক্ততার হার বেড়েছে।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষক সুলতান মাহমুদ প্রথম আলোকে বলেন, লবণাক্ততায় ফসলের সঙ্গে সঙ্গে মৎস্য সম্পদ ক্ষতির মুখে পড়েছে। বিশেষ করে মিঠাপানির মাছ বিলীন হয়ে যাচ্ছে। জলবায়ুর প্রভাবে তাপমাত্রা অত্যধিক বেড়েছে। এর ফলে মিঠাপানির নদ-নদীতে সমুদ্রের নোনা পানি ঢুকে মিঠাপানির মাছ ধ্বংস হয়ে যাচ্ছে। সাধারণত মার্চ-এপ্রিলে ইলিশ মাছ লবণাক্ত এলাকা ছেড়ে মিঠাপানিতে আসতে চায়। কিন্তু মিঠাপানির অঞ্চলে লবণাক্ততা বেড়ে যাওয়ায় ইলিশ মাছও এখন কম আসছে।
বরিশাল মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের ২০১৩ সালের গবেষণায় দেখা গেছে, বরিশাল বিভাগের ১১ লাখ ৭৬ হাজার ৫৩০ হেক্টর কৃষিজমির মধ্যে তিন লাখ ৮৬ হাজার ৮৭০ হেক্টর জমি অতিলবণাক্ততার মধ্যে রয়েছে। এসব জমিতে লবণের পরিমাণ সময়বিশেষে ১৬ থেকে ২৮ দশমিক ৫ ডেসিসিমেন। ধানগাছের লবণ সহনশীলতা মাত্র চার থেকে আট ডেসিসিমেন পর্যন্ত। এ ছাড়া সবজি চাষে লবণ সহনশীলতা মাত্র দুই থেকে চার ডেসিসিমেন পর্যন্ত। ওই গবেষণায় ২০১৩ সালের এপ্রিলে বিভাগের অতি লবণপ্রবণ এলাকার কথা উল্লেখ করা হয়। ওই সব এলাকায় প্রতি লিটার পানিতে লবণের হার দুই থেকে ২৮ শতাংশ। এগুলোর মধ্যে পিরোজপুরের মঠবাড়িয়ায় ২ দশমিক ৩৫, নাজিরপুরে ৪ দশমিক ৭৫, ভোলার চরফ্যাশনে ১৫ দশমিক ৬৫, বরগুনার আন্ধারমানিকে ২৮ দশমিক ৪ এবং পটুয়াখালীর গলাচিপার রামনাবাদে ২৫ দশমিক ৪ ডেসিসিমেন।
বরিশাল অঞ্চলে লবণাক্ততার সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল বরগুনা। এ জেলার এক লাখ ৬৭ হাজার ৬৮০ হেক্টর আবাদি জমির মধ্যে ৯৫ হাজার ৬২০ হেক্টর জমি লবণাক্ত। এরপরের অবস্থানে পটুয়াখালী। এ জেলার তিন লাখ সাত হাজার ৮৭৫ হেক্টর জমির মধ্যে এক লাখ ৫৫ হাজার ১৮০ হেক্টর জমি লবণাক্ত। এরপর পর্যায়ক্রমে রয়েছে ভোলা, পিরোজপুর, ঝালকাঠি ও বরিশাল। বরিশালের এক লাখ ৯৪ হাজার ২২ হেক্টর আবাদি জমির মধ্যে প্রায় অর্ধেকই লবণাক্ত।
বরগুনা কৃষি বিভাগের উপপরিচালক নজরুল ইসলাম বলেন, জেলার ৮৫ শতাংশ জমিই লবণাক্ত। তালতলী, সদর উপজেলার নলটোনা ও পাথরঘাটার নাচনাপাড়ায় লবণাক্ততার পরিমাণ সবচেয়ে বেশি। গত বছর এপ্রিলে পানিতে লবণের ভাগ ছিল ২৮ দশমিক ৪। এ বছর আরও বাড়তে পারে।
কৃষি বিভাগের ভোলার উপপরিচালক শান্তি রঞ্জন মণ্ডল বলেন, নদীতে পানির প্রবাহ কম থাকায় লবণাক্ততা বেড়ে গেছে। অতি লবণের কারণে ধান, মুগ ডাল ও অন্যান্য শস্যের আবাদও নষ্ট হয়ে যাচ্ছে। বাধ্য হয়ে কৃষকদের মেঘনার পানি ব্যবহার না করে তেঁতুলিয়া নদীর পানি ব্যবহার করতে বলা হয়েছে।