দক্ষিণের তিন জেলার সরাসরি বাস বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল ও পটুয়াখালী জেলার বাসশ্রমিকদের মধ্যে মারামারিকে কেন্দ্র করে বরিশাল, পটুয়াখালী ও বরগুনা জেলার সাতটি পথে সরাসরি বাস চলাচল গত শুক্রবার বিকেল থেকে বন্ধ রয়েছে।
দুই জেলার বাসমালিক ও শ্রমিক ইউনিয়ন সূত্র জানায়, শুক্রবার দুপুরে বরিশাল নগরের রূপাতলী বাস টার্মিনাল থেকে ছেড়ে নিউ আমান পরিবহনের একটি বাস পটুয়াখালী যাচ্ছিল। পথিমধ্যে লেবুখালী ফেরিঘাটে যাত্রী উঠানোকে কেন্দ্র করে পটুয়াখালী মালিক সমিতির আওতাধীন নিউ পর্যটক নামের একটি বাসের শ্রমিকদের সঙ্গে এ নিয়ে কথা-কাটাকাটি হয়। এ সময় নিউ পর্যটক বাসের চালক জাফর ও তাঁর সহযোগীরা নিউ আমান বাসের সুপারভাইজার মো. সবুরকে মারধর করেন। পরে বিকেল সাড়ে চারটার দিকে পটুয়াখালী মালিক সমিতির আওতাধীন নিউ পর্যটক নামের ওই বাসটি বরিশালের রূপাতলী বাস টার্মিনালে পৌঁছালে বাসটির চালক জাফর ও সুপারভাইজার বাহারকে নিউ আমান বাসের শ্রমিকেরা পাল্টা মারধর করেন। এ খবর পটুয়াখালীর বাসশ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ শ্রমিকেরা পটুয়াখালী থেকে বরিশাল পথে বাস চলাচল বন্ধ করে দেন। এমনকি বরিশাল থেকে পটুয়াখালীর উদ্দেশে ছেড়ে আসা বাসও তাঁরা পটুয়াখালীতে ঢুকতে দেননি।
বরিশাল মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন ও পটুয়াখালী মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা মৃধা গতকাল শনিবার সন্ধ্যায় প্রথম আলোকে জানান, দুই জেলার শ্রমিকদের মধ্যে সমঝোতার জন্য তাঁরা চেষ্টা করছেন। এ নিয়ে তাঁরা একটি বৈঠক ডেকেছেন।