দক্ষিণের তিন জেলায় খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আধুনিক জাত ও কৃষিপ্রযুক্তি ব্যবহার করে পিরোজপুর, গোপালগঞ্জ ও বাগেরহাটে ধানের ফলন কৃষকপর্যায়ে ৮ থেকে ১০ ভাগ বেড়েছে। এর মাধ্যমে এসব এলাকায় কৃষকের ঘরে খাদ্যের নিশ্চয়তা দেওয়া সম্ভব হয়েছে। গতকাল রোববার গাজীপুরে এক সম্মেলনে এ কথা বলা হয়।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) গতকাল সকালে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের (আইএডিপি-পিজিবি) দ্বিতীয় এ সম্মেলনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি), বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনসহ (বিএডিসি) বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞানী ও কর্মকর্তারা অংশ নেন।
সম্মেলনে জানানো হয়, আইএডিপি-পিজিবির আওতায় দেশের দক্ষিণাঞ্চলে নতুন জাতের ধান চাষে আধুনিক কৃষিপ্রযুক্তি প্রয়োগ করা হয়েছে। এর ফলে পিরোজপুর, গোপালগঞ্জ ও বাগেরহাটে ধানের ফলন কৃষকপর্যায়ে ৮ থেকে ১০ ভাগ বৃদ্ধি পেয়েছে। এসব জেলায় খাদ্য উৎপাদন বৃদ্ধির মাধ্যমে কৃষকের ঘরে খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি ব্রির মহাপরিচালক জীবন কৃষ্ণ বিশ্বাস বলেন, সুষম মাত্রায় সার ও পানিসাশ্রয়ী প্রযুক্তি প্রয়োগ করে ধানের ফলন ১৪ ভাগ পর্যন্ত বাড়ানো সম্ভব হয়েছে।
প্রকল্প পরিচালক খায়রুল আলম ভূঁইয়ার সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) মো. শাহজাহান কবীর, পরিচালক (গবেষণা) মো. আনছার আলী, প্রকল্প সমন্বয়কারী পরিচালক মোহাম্মদ মহসীন প্রমুখ।