ফেরি-সংকট এবং নদীতে ডুবোচর পড়ায় ভোলা-লক্ষ্মীপুর ও ভোলা-বরিশাল নৌপথ বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এসব কারণে এ দুটি নৌপথে ফেরি দিয়ে যানবাহন পারাপার প্রায়ই বন্ধ থাকে। এতে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার বিভিন্ন যানবাহনের যাত্রী ও চালকদের ভোগান্তি পোহাতে হচ্ছে।বাসযাত্রী ও ট্রাকচালকদের অভিযোগ, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এই নৌপথ দুটির উন্নয়নের দিকে নজর দিচ্ছে না। ভোলা-লক্ষ্মীপুর নৌপথে মাত্র দুটি ফেরি চলছে। মাঝেমধ্যেই ফেরি দুটি অকেজো থাকে। এ সময় দু-তিন দিন ফেরি চলাচল বন্ধ থাকে। অন্যদিকে ড্রেজিং না করায় অনেক সময় এ পথের ডুবোচরে এক-দুই দিন ফেরি আটকে থাকে। ভোলা-বরিশাল নৌপথে চারটি ফেরি থাকলেও চলছে দুটি। এ পথেও প্রায়ই ডুবোচরে ফেরি আটকে থাকে। এতে এ পথের দুই ঘাটে যানজটের সৃষ্টি হয়।ভোলা সদর উপজেলার ইলিশা ফেরিঘাটে ট্রাকচালক কামাল উদ্দিন গত শুক্রবার ফেরিতে ওঠার জন্য অপেক্ষা করছিলেন। তিনি জানান, ইঞ্জিন অকেজো হয়ে পড়ায় গত বছরের ১৫ সেপ্টেম্বর কস্তুরী নামের ফেরিটি লক্ষ্মীপুর ডক ইয়ার্ডে সংস্কার করতে নিয়ে যাওয়া হয়। বাকি কেতকী নামের ফেরিটিও দুদিন পরে অকেজো হয়ে পড়ে। তখন তিন-চার দিন শতাধিক যানবাহনের চালকদের ঘাটে অপেক্ষা করতে হয়েছে। বাগেরহাটের ফতেহপুর গ্রামের মো. জাহিদুর রহমান বাগেরহাট থেকে প্রতি মাসেই বিআরটিসির বাসে ভোলা যাচ্ছেন। তিনি জানান, যদি ফেরি সময়মতো চললে, সকালে রওনা হলে বাড়িতে গিয়ে দুপুরে ভাত খাওয়া যায়। কিন্তু ডুবোচরে ফেরি আটকে গেলে নদীর মধ্যেই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। এ রকম হলে বাড়ি পৌঁছাতে দুই দিন লেগে যায়।ইলিশা ঘাটের শতাব্দী পরিবহনের লাইনম্যান মো. কামাল উদ্দিন মাতব্বর ও সীমান্ত পরিবহনের লাইনম্যান মাহবুব আলম জানান, গত মাস থেকে এ পথ দিয়ে চলাচলকারী যাত্রীরা সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে। ইলিশ ও কাঁচামালের ট্রাকগুলোর চালকদের বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে।ভোলা-বরিশাল নৌপথের ভোলার ভেদুরিয়া ঘাটে গত মঙ্গলবার অপেক্ষা করছিলেন ট্রাকড্রাইভার জাকির হোসেন। তিনি অভিযোগ করেন, এ পথে চারটি ফেরি আছে। কিন্তু দুটি ফেরি ইচ্ছে করেই সব সময় বিকল রাখা হচ্ছে। রাতের বেলায় কোনো ফেরি চালাচ্ছে না কর্তৃপক্ষ। এতে ভোলা থেকে বরিশাল আসতে ৪-১০ পর্যন্ত লেগে যাচ্ছে। ভোলা-বরিশাল নৌপথের সহকারী ব্যবস্থাপক মো. আবদুল মতিন জানান, এ পথের সমস্যার বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।ভোলা-লক্ষ্মীপুর নৌপথের ব্যবস্থাপক নুরুল ইসলাম ভুইয়া জানান, ভোলা লক্ষ্মীপুর নৌপথে বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের ২১ জেলার যানবাহন চলাচল করে। এ ঘাটে কমপক্ষে চারটি ফেরি দরকার। কিন্তু চলছে দুটি। যন্ত্রাংশ পুরোনো হওয়ায় প্রায়ই ফেরি দুটি অকেজো হয়ে পড়ে। ফেরি অকেজো থাকলে এ পথ দিয়ে যানবাহন পারাপার করা যায় না।বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক গোপাল চন্দ্র মজুমদার বলেন, ‘সারা দেশের বিভিন্ন নৌপথে ফেরি-সংকট আছে। এ জন্য মাওয়া-কাওড়াকান্দি ও পাটুরিয়া-দৌলতদিয়ার মতো গুরুত্বপূর্ণ নৌপথের সমস্যা সমাধানের বিষয়টি কর্তৃপক্ষ গুরুত্ব দিচ্ছে। তবে আমরা ভোলা-লক্ষ্মীপুর নৌপথে দ্রুত ফেরি পাঠানোর চেষ্টা করছি।’বিআইডব্লিউটিএর ড্রেজিং বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আবদুল মতিন বলেন, ভোলা-লক্ষ্মীপুরসহ অন্যান্য নৌপথে খননকাজ করার জন্য চারবার দরপত্র আহ্বান করা হলেও ড্রেজার (খনন যন্ত্র) পাওয়া যায়নি। ড্রেজার পাওয়ার সঙ্গে সঙ্গে খননকাজ শুরু করা হবে।