দক্ষিণের দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

দক্ষিণের দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পাশাপাশি উত্তরের দেশগুলোর সঙ্গে যোগাযোগ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন তিনি।
আজ রোববার ‘২০১৫ পরবর্তী উন্নয়ন এজেন্ডায় দক্ষিণ-দক্ষিণ ও ত্রিমুখী সহযোগিতা: দক্ষিণের উন্নয়নে অর্থায়ন ও প্রযুক্তি হস্তান্তর’ শীর্ষক এক সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার জাতিসংঘ কার্যালয় (ইউএনওএসএসসি) ও ইউএনডিপি’র অংশীদারত্বে অর্থনীতি সম্পর্ক বিভাগ ও অর্থ মন্ত্রণালয় রাজধানীর একটি হোটেলে দুই দিনব্যাপী সভার আয়োজন করে।
প্রধানমন্ত্রী বলেন, দক্ষিণ-দক্ষিণ সহযোগিতাকে ঘিরে দক্ষিণের দেশগুলোর মধ্যে যে উদ্দীপনা সৃষ্টি হয়েছে, তা অত্যন্ত উৎসাহব্যঞ্জক। এ দেশগুলোর মধ্যে নতুন নতুন সহযোগিতার বিষয়ও অন্তর্ভুক্ত হচ্ছে।
শেখ হাসিনা বলেন, দক্ষিণের দেশগুলো ধীরে ধীরে অর্থনৈতিক শক্তিতে পরিণত হচ্ছে। তবে নতুন নতুন চ্যালেঞ্জ দক্ষিণের দেশগুলোর স্থিতিশীলতার প্রতি হুমকি হয়ে দাঁড়াচ্ছে। এগুলোর মধ্যে জলবায়ু পরিবর্তন, আঞ্চলিক সংঘাত, সন্ত্রাসবাদ, মাদকদ্রব্য ও মানব পাচার উল্লেখযোগ্য। এসব হুমকি মোকাবিলার জন্য তথ্য, উন্নত জ্ঞান, সঠিক পূর্বাভাস ব্যবস্থা, দুর্যোগ-পরবর্তী ব্যবস্থাপনা, আঞ্চলিক সংযোগ, সহযোগিতা বিনিময় বিষয়ে নিবিড় নেটওয়ার্ক স্থাপন করা প্রয়োজন। পাশাপাশি উত্তরের দেশগুলোর সহযোগিতা এসব হুমকি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
প্রধানমন্ত্রী বলেন, দক্ষিণের দেশগুলো তাদের উন্নয়নে অর্থ জোগানের জন্য উপায় খুঁজবে। কিন্তু আন্তর্জাতিকভাবে সম্মত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে উত্তরের ধনী দেশগুলো যে উন্নয়ন সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে, তা যেন কোনোভাবেই ব্যাহত না হয়।
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সভাপতিত্বে বৈঠকে অন্যান্যের মধ্যে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা বিষয়ক ইউএনজিএ উচ্চ পর্যায় কমিটির সভাপতি একে আব্দুল মোমেন এবং জাতিসংঘে গ্রুপ-৭৭ এর চেয়ারম্যান কিংসলে মামাবোলো বক্তৃতা করেন।
বৈঠকে জাতিসংঘ মহাসচিব বান কি মুন ও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি স্যাম কুটেসার বার্তা পড়ে শোনানো হয়। সভায় মন্ত্রী, ঊর্ধ্বতন কর্মকর্তা, দক্ষিণ ও উত্তরের সংশ্লিষ্ট কর্মীরা অংশ নিচ্ছেন।