দুই দিনের বৈঠক উদ্বোধনকালে প্রধানমন্ত্রী
দক্ষিণের দেশগুলোর সমস্যা সমাধানে প্রয়োজন সহযোগিতা বিনিময়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দক্ষিণের দেশগুলো যখন অর্থনৈতিক ও সামাজিক খাতের উন্নয়নে অগ্রগতি অর্জন করছে, ঠিক তখনই নতুন নতুন চ্যালেঞ্জ এসব দেশের স্থিতিশীলতার প্রতি হুমকি হয়ে দাঁড়াচ্ছে। এগুলোর মধ্যে জলবায়ু পরিবর্তন, আঞ্চলিক সংঘাত, সন্ত্রাসবাদ, মাদকদ্রব্য ও মানব পাচার এবং সংক্রামক রোগের বিস্তার উল্লেখযোগ্য। এসব হুমকি মোকাবিলার জন্য তথ্য ও উন্নত জ্ঞান, সঠিক পূর্বাভাসের ব্যবস্থা, দুর্যোগ-পরবর্তী ব্যবস্থাপনা, সবুজ প্রযুক্তি, আঞ্চলিক সংযোগ, জ্বালানি দক্ষতা এবং সর্বোপরি অধিক হারে উন্নয়ন সহযোগিতা বিনিময় বিষয়ে নিবিড় নেটওয়ার্ক স্থাপন করা প্রয়োজন।
গতকাল রোববার ঢাকায় শুরু হওয়া দুই দিনব্যাপী ‘২০১৫-পরবর্তী উন্নয়ন এজেন্ডায় দক্ষিণ-দক্ষিণ ও ত্রিমুখী সহযোগিতা: দক্ষিণের উন্নয়নে অর্থায়ন ও প্রযুক্তি হস্তান্তর’¯শীর্ষক উচ্চপর্যায়ের বৈঠক উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। খবর বাসসের।
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমরা দক্ষিণের দেশগুলোর মধ্যে আরও সহযোগিতা চাই। আমাদের দেশে উদ্ভাবিত লবণসহিষ্ণু ধানের জাত জলবায়ু অভিযোজনের ক্ষেত্রে দক্ষিণের একটি সর্বোত্তম সমাধানের নজির। বিশেষ করে ব্যবসা-বাণিজ্য, খাদ্য নিরাপত্তা, উচ্চশিক্ষা, দক্ষতা উন্নয়ন, স্বাস্থ্যসেবা, প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ, নবায়নযোগ্য জ্বালানি, এফডিআই, পুঁজিবাজার উন্নয়ন, বিশ্ববাজারের জন্য মানসম্পন্ন পণ্য উৎপাদন, বৈজ্ঞানিক গবেষণা ইত্যাদি বিষয়ে আমরা দক্ষিণের দেশগুলোর মধ্যে আরও সহযোগিতা বৃদ্ধি করতে চাই। তবে সম্পদের সীমাবদ্ধতা, অপর্যাপ্ত অবকাঠামো-সুবিধা, দুর্বল আর্থিক ব্যবস্থাপনা, অকার্যকর আইনি ও নিয়ন্ত্রণ কাঠামো এবং অভ্যন্তরীণ বিরোধের মতো সমস্যার কারণে দক্ষিণের দেশগুলোর পক্ষে এককভাবে এসব ক্ষেত্রে কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করা সম্ভব হচ্ছে না।’
উত্তরের সহযোগিতা এসব বাধার অনেকাংশ দূর করতে পারে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, গবেষণা ও উন্নয়নের জন্য দক্ষিণের বিভিন্ন দেশে প্রতিষ্ঠিত সেন্টার অব এক্সিলেন্স দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার গুণগত সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সেন্টার অব এক্সিলেন্স উদ্ভাবিত উন্নয়ন সমাধান এবং জ্ঞানসমূহ যাতে সাশ্রয়ী মূল্যে ও বিনিময়যোগ্য হয়, সেদিকে দৃষ্টি দিতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, নির্দিষ্ট দেশের চাহিদা ও অবস্থা অনুযায়ী উন্নয়ন সমাধানগুলোকে উপযোগী করে তুলতে হবে।
দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার জাতিসংঘ কার্যালয় (ইউএনওএসএসসি) ও ইউএনডিপির অংশীদারত্বে অর্থনীতি সম্পর্ক বিভাগ ও অর্থ মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর সোনারগাঁও হোটেলে দুই দিনব্যাপী ওই বৈঠকের আয়োজন করা হয়। আলোচনায় মন্ত্রী, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দক্ষিণ ও উত্তরের সংশ্লিষ্ট কর্মীরা অংশ নিচ্ছেন।
গতকাল অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে বৈঠকে স্বাগত বক্তব্য দেন ইআরডি সচিব মোহাম্মদ মেজবাহুদ্দিন। বৈঠকে জাতিসংঘ মহাসচিব বান কি মুন ও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি স্যাম কুটেসার বার্তা পড়ে শোনানো হয়।