দক্ষিণের নৌ ও সড়ক যোগাযোগ বিপর্যস্ত
ঘন কুয়াশার কারণে বরগুনা, বরিশালসহ দক্ষিণাঞ্চলের নৌ ও সড়ক যোগাযোগ বিপর্যস্ত হয়ে পড়েছে। কয়েক দিন ধরে ঢাকা থেকে দক্ষিণাঞ্চলগামী এবং দক্ষিণাঞ্চল থেকে ঢাকাগামী লঞ্চগুলো নির্ধারিত সময়ের চার থেকে আট ঘণ্টা পর্যন্ত দেরিতে গন্তব্যে পৌঁছাচ্ছে। একই অবস্থা বিরাজ করছে সড়কপথেও।
সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পেরে চরম দুর্ভোগে পড়ছেন দক্ষিণাঞ্চলের কয়েক লাখ যাত্রী।
খোঁজ নিয়ে জানা গেছে, ঘন কুয়াশার কারণে বরগুনা ও বরিশাল থেকে ছেড়ে যাওয়া লঞ্চগুলো গতকাল রোববার তিন থেকে পাঁচ ঘণ্টা বিলম্বে ঢাকার সদরঘাটে পৌঁছায়। একইভাবে ঢাকা থেকে ছেড়ে আসা লঞ্চগুলোও তিন থেকে পাঁচ ঘণ্টা দেরিতে বরিশাল ও বরগুনায় পৌঁছায়। বরগুনা থেকে শুক্রবার দুপুরে ছেড়ে যাওয়া এমভি বন্ধনের মাস্টার সফিউর রহমান জানান, বরগুনা থেকে ছেড়ে যাওয়া লঞ্চগুলো সাধারণত পরের দিন সকাল সাতটার মধ্যে ঢাকার সদরঘাটে পৌঁছায়। কিন্তু ঘন কুয়াশার কারণে শনিবার দুপুর ১২টায় ঢাকায় পৌঁছান তাঁরা। একইভাবে শুক্রবার ঢাকা থেকে ছেড়ে আসা এমভি নাজমা খান লঞ্চটি শনিবার নির্ধারিত সময়ের প্রায় পাঁচ ঘণ্টা পর বিকেল চারটায় বরগুনায় পৌঁছায়। পটুয়াখালী ও বরগুনার আমতলী থেকে ছেড়ে যাওয়া লঞ্চগুলো নির্ধারিত সময়ের চার থেকে সাত ঘণ্টা পর গন্তব্যে পৌঁছায়। বরগুনা-ঢাকা নৌপথে চলাচলকারী এমভি যুবরাজ-২-এর মাস্টার মনির হোসেন জানান, এক সপ্তাহ ধরে ঘন কুয়াশার কারণে লঞ্চগুলো মাঝনদীতে পাঁচ থেকে ছয় ঘণ্টা নোঙর করে রাখতে হচ্ছে। একইভাবে গত বৃহস্পতিবার ঢাকা থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসা লঞ্চগুলোর মধ্যে পারাবত-১১ লঞ্চ শুক্রবার নির্ধারিত সময়ের চার ঘণ্টা পর সকাল সাড়ে আটটায় বরিশালে পৌঁছায়। অপর লঞ্চগুলোর মধ্যে কীর্তনখোলা-১, কালাম খান-১ ও পারাবত-২ নির্ধারিত সময়ের আট ঘণ্টা পর বেলা একটার মধ্যে বরিশাল ঘাটে এসে পৌঁছায়। শুক্রবার রাতে বরিশাল থেকে ছেড়ে যাওয়া লঞ্চগুলো নির্ধারিত সময়ের পাঁচ ঘণ্টা পর শনিবার সকাল নয়টার দিকে ঢাকার সদরঘাটে পৌঁছায়।
বিআইডব্লিউটিএ বরিশাল নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক সোহরাব হোসেন জানান, তীব্র কুয়াশার কারণে লঞ্চ চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। ঘন কুয়াশার কারণে পথ দেখা না যাওয়ায় মাঝনদীতে লঞ্চ নোঙর করে রাখতে বাধ্য হচ্ছেন চালকেরা। এ কারণে নির্ধারিত সময়ে লঞ্চগুলো গন্তব্যে পৌঁছাতে পারছে না।
বরিশাল আবহাওয়া কার্যালয়ের জ্যেষ্ঠ পর্যবেক্ষক আবদুল কুদ্দুস জানান, কয়েক দিন ধরে বরিশাল অঞ্চলের আবহাওয়া ১০ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। বৃহস্পতিবার রাতে তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। এ কারণে কয়েক দিন ধরে মাঝারি থেকে ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ছে দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ এলাকা।
নৌপথের পাশাপাশি বরগুনা, পটুয়াখালী, বরিশাল থেকে সড়কপথে ছেড়ে যাওয়া যাত্রীবাহী বাসগুলোরও ঘন কুয়াশার কারণে গন্তব্যে পৌঁছাতে নির্ধারিত সময়ের চেয়ে চার-পাঁচ ঘণ্টা বেশি সময় লাগছে।
বরগুনার বাসযাত্রী আবদুল আউয়াল জানান, শুক্রবার রাতে বরগুনা থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে নির্ধারিত সময়ের সাত ঘণ্টা পর বেলা ১১টায় ঢাকায় পৌঁছান। একইভাবে ঢাকা থেকে বরগুনার উদ্দেশে ছেড়ে আসা বাসগুলো শনিবার নির্ধারিত সময়ের প্রায় চার ঘণ্টা পর বরগুনায় পৌঁছায়।