দক্ষিণের পাঁচটি পথে পরিবহন ধর্মঘট স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা-মাওয়াসহ দক্ষিণাঞ্চলের পাঁচটি পথে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে খুলনা ও গোপালগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়ন এবং খুলনা বাস-মিনিবাস-কোচ মালিক সমিতির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
গত শনিবার দুপুরে সোনাডাঙ্গা আন্তজেলা বাস টার্মিনালে গোপালগঞ্জ ও খুলনার বাসশ্রমিকদের মধ্যে মারধরের ঘটনার জের ধরে গত রোববার সন্ধ্যায় খুলনা মোটর শ্রমিক ইউনিয়ন খুলনা-মাওয়াসহ পাঁচটি সড়কপথে ধর্মঘটের ডাক দেয়। এ কারণে খুলনা থেকে ঢাকা, বরিশাল, গোপালগঞ্জ, টেকেরহাট ও ভাঙ্গার সড়কপথে বাস চলাচল বন্ধ হয়ে যায়।
খুলনা বাস-মিনিবাস-কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন প্রথম আলোকে গতকাল সন্ধ্যা ছয়টায় বলেন, ‘আমরা খুলনা ও গোপালগঞ্জের শ্রমিকদের নিয়ে বসেছিলাম। সবে এর সমাধান করে দিলাম। আবার বাস চলাচল শুরু করেছে।’