আদালত অবমাননার অভিযোগে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) দক্ষিণের প্রশাসক খলিলুর রহমান ও ম্যাজিস্ট্রেট মো. খলিলুর রহমানকে তলব করেছেন হাইকোর্ট। ২৩ ফেব্রুয়ারি তাঁদের আদালতে হাজির হতে বলা হয়েছে।বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন। একই সঙ্গে আদালত অবমাননার অভিযোগে তাঁদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।যাত্রাবাড়ী এলাকার হুমায়ুন কবির আদালত অবমাননার অভিযোগ আনেন। আদালতে তাঁর পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ শুনানিতে অংশ নেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন।পরে মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, হুমায়ুন কবিরের ছয় শতক জায়গা অধিগ্রহণ করতে ২০০৭ সালের ১২ জুলাই নোটিশ দেওয়া হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে তিনি রিট করলে আদালত রুল জারি করেন এবং স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দেন। ৭ ফেব্রুয়ারি ডিসিসি ওই ভূমির স্থাপনা উচ্ছেদ করে। এটা আদালত অবমাননার শামিল।