দক্ষিণের বিভিন্ন স্থানে উন্নয়ন মেলা শুরু
দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানে গতকাল সোমবার থেকে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে এ মেলার উদ্বোধন করেন। এতে সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরা হচ্ছে। মেলা প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলবে।
আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
খুলনা সার্কিট হাউস মাঠে মেলার আয়োজন করা হয়েছে। মেলা উপলক্ষে সকালে নগরের শিববাড়ী মোড় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। এটি নগরের বিভিন্ন সড়ক ঘুরে সার্কিট হাউসে গিয়ে শেষ হয়। ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনা ভিক্ষুকমুক্তকরণ কর্মসূচির প্রশংসা করেন।
বরিশালে মেলা উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান সভাপতিত্ব করেন। নগরের বঙ্গবন্ধু উদ্যানে মেলা হচ্ছে। এতে ১৪৪টি স্টল স্থান পেয়েছে।
সকালে শরীয়তপুর শহরে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে মেলার কার্যক্রম শুরু হয়। জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে মেলা চলছে। এতে সরকারের বিভিন্ন দপ্তরের ৩৫টি স্টল রয়েছে। মেলা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলার পাঁচটি উপজেলায়ও এ রকম আয়োজন করা হয়।
সাতক্ষীরায় বেলা ১১টায় শোভাযাত্রা বের করা হয়। এটি শহরের প্রধান সড়কগুলো ঘুরে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সাতক্ষীরা সদর আসনের সাংসদ মীর মোস্তাক আহম্মেদ শোভাযাত্রায় নেতৃত্ব দেন। এ মেলায় ১৭০টি স্টল স্থান পেয়েছে। জেলার সাতটি উপজেলায়ও মেলার উদ্বোধন করা হয়েছে।
সকালে বাগেরহাট স্বাধীনতা উদ্যান থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা প্রশাসকের সভাপতিত্বে মেলা প্রাঙ্গণে স্বাধীনতা উদ্যান মঞ্চে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-২ আসনের সাংসদ মীর শওকাত আলী। মেলায় সরকারি ৫০টি স্টল অংশ নিচ্ছে।
ফরিদপুরের অম্বিকা ময়দানে মেলার আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের পর বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়। এর আগে বেলা আড়াইটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। মেলায় ৮০টি স্টল অংশ নিচ্ছে।
সকাল ১০টার দিকে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কগুলো ঘুরে পৌর পার্কে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পানিসম্পদ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব জাফর আহম্মেদ খান প্রধান অতিথি হিসেবে এতে নেতৃত্ব দেন। মেলায় ৬৭টি স্টল থাকছে।
সকালে পিরোজপুর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়। পরে পিরোজপুর-১ আসনের সাংসদ এ কে এম এ আউয়াল মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ সভাপতিত্ব করেন। সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে মেলা হচ্ছে। এতে ৯২টি স্টল রয়েছে।
বরগুনার পাথরঘাটায়বেলা ১১টায় স্থানীয় খাসকাচারী মাঠে মেলার উদ্বোধন করা হয়। ইউএনও রবিউল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। মেলায় ৫৫টি স্টল থাকছে।