দক্ষিণের মহাসড়কে নছিমন-করিমন চলাচল বন্ধের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণাঞ্চলের পাঁচ জেলার মহাসড়কে নছিমন, করিমন, ভটভটি, মাহেন্দ্র ও ইজিবাইক চলাচল ৭২ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ সোমবার দুপুরে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে রুলসহ এ আদেশ দেন।

একই সঙ্গে আদালত নির্দেশনা বাস্তবায়নের প্রতিবেদন দুই সপ্তাহের মধ্যে আদালতে দাখিল করতে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের নির্দেশ দিয়েছেন।

দক্ষিণাঞ্চলের এ পাঁচটি জেলা হলো বরিশাল, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী ও খুলনা।

অনুমোদন ছাড়া এসব যানবাহন মহাসড়কে চলাচল বন্ধে ব্যবস্থা নিতে নির্দেশনা চেয়ে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে গতকাল রিট আবেদনটি করা হয়। আজ রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাজিক আল জলিল।

রুলে সড়ক ও মহাসড়কের যানবাহন চলাচলের ক্ষেত্রে মোটর-ভ্যাহিকল অর্ডিন্যান্সের বিধান কার্যকর করা এবং এ ধরনের যানবাহন চলাচল বন্ধে ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না—জানতে চাওয়া হয়েছে।

স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, যোগাযোগসচিব, ডিআইজি (হাইওয়ে), বিআরটিএর চেয়ারম্যান, ওই পাঁচ জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।