ঢাকার উন্নয়ন ও নাগরিক সমস্যা সমাধানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকনের কাছে সাতটি সমস্যার বিষয়ে প্রস্তাব ও মতামত তুলে ধরেছেন বিশিষ্ট নাগরিকেরা। গতকাল মঙ্গলবার দুপুরে তাঁরা মেয়রের সঙ্গে দেখা করে এ প্রস্তাব তুলে ধরেন।
যে সাতটি বিষয়ে প্রস্তাব তুলে ধরা হয়েছে, সেগুলো হলো: নগরীর বর্জ্য ব্যবস্থাপনা, সবুজায়ন, ঐতিহ্য সংরক্ষণ, যান ও জলজট, বস্তি উন্নয়ন, খাল ও জলাশয় সংরক্ষণ, খেলার মাঠ ও পার্ক। বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। অন্য সদস্যরা হলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক ড. আবদুল মতিন, স্থপতি ইকবাল হাবীব। এ সময় ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান উপস্থিত ছিলেন।
প্রতিনিধিদলের পক্ষে ইকবাল হাবীব নগর উন্নয়ন ও নাগরিক সমস্যা নিয়ে সাতটি বিষয়ে প্রস্তাব তুলে ধরেন। ইকবাল হাবীব প্রথম আলোকে বলেন, নগরের বর্জ্য ব্যবস্থাপনার জন্য উৎস থেকেই বর্জ্যগুলো বিভিন্ন শ্রেণিতে ভাগ করা, ফুটপাত মানুষের চলাচলবান্ধব রাখা, জেব্রা ক্রসিংনির্ভর চলাচলের ব্যবস্থা করা, বস্তির মানোন্নয়নে ব্যবস্থা গ্রহণসহ প্রতিটি বিষয়ে প্রস্তাব তুলে ধরা হয়েছে।