দক্ষিণের ১৮ জেলায় ট্যাংকলরি ধর্মঘট
দক্ষিণের ১৮টি জেলায় তেল পরিবহন বন্ধ রেখে আজ মঙ্গলবার সকাল ছয়টা থেকে ধর্মঘট শুরু করেছে খুলনা বিভাগীয় জ্বালানি তেল পরিবেশক ও বাংলাদেশ ট্যাংকলরি মালিক সমিতি। খুলনা-যশোর মহাসড়কসহ খুলনা বিভাগ ও বৃহত্তর ফরিদপুর এলাকার সব সড়ক সংস্কারের দাবিতে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়।
গত রোববার সন্ধ্যায় খুলনা নগরের কাশিপুর এলাকায় অবস্থিত খুলনা বিভাগীয় জ্বালানি তেল পরিবেশক ও ট্যাংকলরি মালিক সমিতির বিভাগীয় কার্যালয়ে বৈঠকে ধর্মঘট করার সিদ্ধান্ত নেওয়া হয়। এটি চলবে আগামীকাল বুধবার ভোর ছয়টা পর্যন্ত।
আজ সকাল ছয়টার দিকে নগরের মেঘনাঘাট এলাকায় মালিক, শ্রমিক ও চালকেরা জড়ো হতে থাকেন। সকাল নয়টার দিকে তাঁরা সমাবেশ করেন।
ট্যাংকলরি মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ ফরহাদ হোসেন বলেন, খুলনা-যশোর সড়ক গাড়ি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। শুধু তা-ই নয়, খুলনা থেকে যেসব জেলায় জ্বালানি তেল সরবরাহ করা হয়, ওই সব এলাকার বেশির ভাগ সড়ক এখন নষ্ট। এ কারণে প্রতিদিনই কোনো না কোনো দুর্ঘটনায় পড়ছে ট্যাংকলরিগুলো। সড়কের নাজুক অবস্থার কারণে চালকেরা এখন আর গাড়ি চালাতে চান না। এমন পরিস্থিতিতে সড়কগুলো সংস্কারের দাবিতে সংশ্লিষ্ট সব দপ্তরে একাধিকবার আবেদন করা হয়েছে। কিন্তু ওই আবেদনে কোনো সাড়া মেলেনি। এ পরিস্থিতিতে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।