দখল অপসারণে অবশেষে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের জন্য সরকারের অধিগ্রহণ করা জায়গা দখলের অভিযোগে চৈতি কম্পোজিটের মালিক আবুল কালাম আজাদের বিরুদ্ধে গত বুধবার রাতে থানায় মামলা হয়েছে।
সোনারগাঁ থানায় দায়ের করা মামলার বাদী স্থানীয় আমিনপুর ভূমি কার্যালয়ের সহকারী ভূমি কর্মকর্তা আবদুল করিম। এজাহারে বলা হয়, সোনারগাঁ পৌরসভার টিপুরদী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ছোট শিলমান্দি মৌজার জেএল নম্বর ১৪০, আরএস দাগ নম্বর ৯৯, ১০০ ও ১০১-এ দশমিক ৩৩ একর জায়গা ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের জন্য ২০১২ সালে অধিগ্রহণ করে সরকার। কিন্তু চৈতি কম্পোজিট শিল্পকারখানার মালিক আবুল কালাম আজাদ এই সম্পত্তির ভুয়া দলিল তৈরি করেন। এরপর সম্পত্তির চারদিকে টিনের বেড়া দিয়ে চার বছর ধরে দখল করে রেখেছেন তিনি। স্থানীয় উপজেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সরকারি জায়গা থেকে অবৈধ স্থাপনা (টিনের বেড়া) সরিয়ে নিতে একাধিকবার নোটিশ দিলেও আবুল কালাম আজাদ স্থাপনা সরাননি। সর্বশেষ গত ১৬ জুন নারায়ণগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহাবুবুর রহমান অবৈধ স্থাপনা এক সপ্তাহের মধ্যে সরিয়ে নিতে আবুল কালাম আজাদকে নির্দেশ দেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের বলেন, পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।