দখল আর দূষণে অস্তিত্ব হারাচ্ছে বংশীনদী
দখল আর দূষণে ঢাকার সাভারের বংশী নদী অস্তিত্ব হারাতে বসেছে। নদীর তীর দখল করে গড়ে তোলা হচ্ছে শিল্প-কারখানা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান। পৌর শহরের পাশে এই দখলের প্রবণতা সবচেয়ে বেশি।
লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদসহ বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং সাভার নদী ও পরিবেশ উন্নয়ন পরিষদের একটি দল গতকাল শনিবার বংশী নদী পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য তুলে ধরে।
দলটি সাভারের পোড়াবাড়ী থেকে শহীদ রফিক সেতু পর্যন্ত নদীর প্রায় ১০ কিলোমিটার এলাকা পরিদর্শন করে।
সৈয়দ আবুল মকসুদ বলেন, বংশী নদী ভয়াবহভাবে দখল ও দূষণের শিকার হচ্ছে। বড় বড় দলের নেতা আর সমর্থকেরা এ দখল ও দূষণের সঙ্গে যুক্ত। এ দুর্বৃত্তরা ব্যাংকঋণের টাকা আত্মসাৎকারীদের চেয়েও ভয়ংকর।
বাপার পক্ষ থেকে বলা হয়, সাভার নামাবাজার এলাকায় নদীর তীর দখল করে কয়েক হাজার পাকা ও আধা পাকা স্থাপনা গড়ে তোলা হয়েছে। এসব দখলদারের মধ্যে সরকারি দলের এক প্রভাবশালী নেতাও রয়েছেন। ওই নেতা পানিতে ইট, খোয়া আর বালু ফেলে ডাল ভাঙানোর কারখানা গড়ে তুলেছেন। সাভার থানাসংলগ্ন নদীর পশ্চিম তীর ঘেঁষে প্রায় পাঁচ একর সরকারি জায়গার ওপর গড়ে তোলা হয়েছে মুক্তিযোদ্ধা আবাসন এলাকা। সেখানে স্থানীয় সাংসদ তালুকদার তৌহিদ জং মুরাদেরও একটি প্লট রয়েছে। সেখানে নদীর ভেতরে খুঁটি গেড়ে দখল অব্যাহত রয়েছে।
রাজফুলবাড়িয়া এলাকায় নদীর জায়গা দখল করে গড়ে তোলা হয়েছে একটি পোশাক কারখানা। কারখানার একটি নয়তলা ভবনের অধিকাংশই নদীর জায়গায় পড়েছে। পাশে নদীতে মাটি ফেলে দখল করছে পুষ্প সুপার ব্রিকস নামের একটি ইটভাটা কর্তৃপক্ষ। সেখানে উপস্থিত আকলাস নামের এক ব্যক্তি নিজেকে ওই ইটভাটার ব্যবস্থাপক পরিচয় দিয়ে বলেন, মালিকের নির্দেশে মাটি ভরাট করা হচ্ছে।
সাভারের নয়ারহাট এলাকায়ও নদী দখলের ভয়াবহ চিত্র চোখে পড়ে। নদীর পূর্ব তীর ঘেঁষে মাটি ফেলে ভরাট করা হচ্ছে। এ ছাড়া বালু ব্যবসায়ীরাও নদী দখল করে ব্যবসা করছেন।
সাভার নদী ও পরিবেশ উন্নয়ন পরিষদের সহসভাপতি রফিকুল ইসলাম মোল্লা বলেন, স্থানীয় পাথালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পারভেজ দেওয়ান নয়ারহাট এলাকায় নদী দখল করে দোকান বরাদ্দ দিচ্ছেন।
বাপার সাধারণ সম্পাদক আবদুল মতিন বলেন, নদীর অস্তিত্ব হচ্ছে তল, ঢাল আর তীর। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী নদীর তীর থাকতে হবে প্রায় দেড় শ ফুট। কিন্তু সাভারে বংশী নদীর অধিকাংশ এলাকায় কোনো তীর চোখে পড়েনি। দখল আর দূষণে নদীটি অস্তিত্ব হারাতে বসেছে। নদী পরিদর্শন করে দেখা গেল, গ্রামের সাধারণ মানুষের মধ্যে নদী দখলের প্রবণতা কম। দখলদারদের অধিকাংশই শহরের প্রভাবশালী লোকজন।
সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান মোল্লা বলেন, সরেজমিনে পরিদর্শন করে দখলদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।