দখল ও দুর্ঘটনায় নিশ্চিহ্ন যাত্রীছাউনিগুলো, দুর্ভোগ
দখল ও দুর্ঘটনায় নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের যাত্রীছাউনিগুলো। ফলে যাতায়াতে দুর্ভোগ পোহাচ্ছে যাত্রীরা। জেলা প্রশাসন সূত্র জানায়, যাতায়াতের সুবিধার জন্য রাঙামাটি জেলা পরিষদ কাপ্তাই সড়কের নতুন বাজার থেকে বারঘোনিয়া পর্যন্ত ছয়টি স্থানে ১২টি, চট্টগ্রাম জেলা পরিষদ রাস্তার মাথা থেকে চন্দ্রঘোনা পর্যন্ত ২১টি স্থানে ৪২টি যাত্রীছাউনি নির্মাণ করে। যার দুই-তৃতীয়াংশের কোনো চিহ্ন নেই।স্থানীয় একাধিক সূত্র জানায়, রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রভাবশালী ব্যক্তিরা ১০-১২ বছর আগে ২৯টি যাত্রীছাউনি দখল করে নেন। বাস ও ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সাতটি যাত্রীছাউনি গুঁড়িয়ে দেয়। বাসশ্রমিক কল্যাণ সমিতির সভাপতি শাহ আলম জানান, সড়কের রাঙামাটি জেলার কাপ্তাই, রাজস্থলী, চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া, রাউজান ও হাটহাজারী উপজেলার ২০ হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে। যাদের অনেকেই যাত্রীছাউনির অভাবে রোদের ভেতর সড়কে দাঁড়িয়ে থাকে আর বৃষ্টির দিনে ভিজে।রাঙ্গুনিয়া সৈয়দা সেলিমা কাদের চৌধুরী কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থী জুলেখা আকতার জানান, ২০১০ সালের শুরুতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকে কলেজের সামনে নির্মিত যাত্রীছাউনিটি গুঁড়িয়ে দেয়। অদ্যাবধি যাত্রীছাউনিটি মেরামত করা হয়নি। রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী বলেন, ‘যাত্রীছাউনি দখল নিয়ে তেমন কিছুই জানি না। তবে সবগুলো পরিত্যক্ত অবস্থায় আছে।’ চট্টগ্রাম জেলা প্রশাসক আবদুল মান্নান জানান, এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বলা হবে।