চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র নির্মাতা তানভীর মোকাম্মেল বলেছেন, দখল ও দূষণের কারণে বুড়িগঙ্গা, তুরাগ ও বালুসহ বেশ কিছু নদী মরে যেতে বসেছে। এসব নদী রক্ষা করতে হবে। মুন্সিগঞ্জ পৌরসভার হাটলক্ষ্মীগঞ্জে ধলেশ্বরীর তীরে গতকাল বৃহস্পতিবার দুপুরে ‘বিপর্যস্ত ধলেশ্বরী নদী ও তাকে রক্ষার উপায়: জনগণের চিন্তাভাবনা’ শীর্ষক এক সামাজিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তানভীর মোকাম্মেল তাঁর নতুন প্রামাণ্যচিত্র ধলেশ্বরী কথার নির্মাণ প্রসঙ্গে বলেন, তিনি এর আগে নদীকে ঘিরে যে কয়টি প্রামাণ্যচিত্র (কর্ণফুলীর কান্না ও অয়ি যমুনা) নির্মাণ করেছেন, ধলেশ্বরী হবে সবচেয়ে ব্যতিক্রমধর্মী।গতকাল ছিল আন্তর্জাতিক নদী রক্ষায় করণীয় দিবস। দিবসটি উপলক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মুন্সিগঞ্জ জেলা শাখার আয়োজনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাপার জেলা শাখার সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক মহিদুল হক খান, মুন্সিগঞ্জ নাগরিক কমিটির সভাপতি আবুল বাশার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মুন্সিগঞ্জ জেলা সভাপতি শ ম কামাল প্রমুখ।