দখল করা জমির কাগজপত্র দেখাতে পারেননি বদিউল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে আলীকদমের ভূমি দখলদার বদিউল আলম ওরফে বদি বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাঁর দখল করা জমিতে না যাওয়ার নিষেধ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে এক বৈঠকে বদিকে ডেকে এ নির্দেশ দিয়েছেন।
আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বদির ভূমি দখল ও স্থানীয়দের কর্তৃক লক্ষাধিক চারা উপড়ে ফেলার ব্যাপারে এ বৈঠক হয়েছিল।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহামঞ্চদ হোসাইন বলেছেন, বৈঠকে বদিকে ডেকে আলীকদম-থানচি সড়কের তিনি যে জায়গাটি তাঁর দাবি করেন বৈধ কাগজপত্র হাজির করে তা প্রমাণ করতে বলা হয়েছে। কিন্তু তিনি কোনো কাগজপত্র দেখাতে পারেননি। এ জন্য তাঁকে আগামী রোববারে আরও বৈধ কাগজপত্র হাজির করার জন্য সময় দেওয়া হয়েছে।
ওসি বলেন, বদিউল আলমকে বলে দেওয়া হয়েছে বৈধ কাগজপত্র দেখিয়ে জমি তাঁর প্রমাণ করতে না পারলে সরকারি জমির ওপর লাগানো গাছের চারা সরকারের। সেগুলো যদি কেউ কেটেও ফেলে সরকারই সিদ্ধান্ত নেবে সে ব্যাপারে কী করা হবে না হবে।
বৈঠকে উপজেলা চেয়ারম্যান আবুল কালাম, ভাইস চেয়ারম্যান মোহামঞ্চদ রিটন, ইউএনও মোতাব্বির আহমদ, আওয়ামী লীগ, বিএনপি ও জনসংহতি সমিতির নেতারা উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ধুংহ্রী মং মারমা বলেন, বদিউল আলম তাঁর ১১টি রাবার ও হর্টিকালচার প্লট আছে দাবি করলেও সেখান থেকে সাতটি প্লট ইজারা চুক্তি ভঙ্গের কারণে বাতিল হয়েছে। আরও চারটি প্লটও বদিউল আলমের নামে নয় বলে জানা গেছে।
কুমিল্লার বাসিন্দা বদিউল আলম বদি ২০১০ সাল থেকে আলীকদম-থানচি সড়কে আদিবাসিদের জুমের জমি দখল করে আসছেন। জুমিয়া আদিবাসিরা গত বুধবার সকালে বদির লোকজনকে তাড়িয়ে দেয় এবং তাদের জুমের ওপর রোপিত চারা তুলে ফেলে।
ইউএনও মোতাব্বির আহমদ বলেন, বৈধ কাগজপত্র ছাড়া বদিউল আলমকে জায়গায় ঢুকতে দেওয়া হবে না।
জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম বলেন, বদিউল আলম একজন ভূমিদস্যু। তাঁর বৈধ কোনো জমিজমা রয়েছে কি না যাচাই করে দেখা হচ্ছে। তাঁর যদি জায়গাজমি থাকে তাহলে তাঁকে বুঝিয়ে দেওয়া হবে, না হলে তিনি সেখানে যেতে পারবেন না।