দখল করা জায়গায় বিপণিবিতান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের কোটচাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমিতে পৌরসভা অবৈধভাবে বিপণিবিতান নির্মাণ করছে বলে অভিযোগ উঠেছে। এ জন্য বিদ্যালয়ের একটি ভবনের ছাদের কার্নিশ ভেঙে ফেলা হয়েছে। এ ব্যাপারে বিদ্যালয় কর্তৃপক্ষ পৌরসভার বিরুদ্ধে আদালতে মামলা করেছে।
পৌরসভার মেয়র সালাউদ্দিন বুলবুল দাবি করেন, ওই জায়গা পৌরসভার। বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের জমি দখলে নিয়ে সীমানাপ্রাচীর করেছে। পৌরসভার প্রয়োজনে এখানে বিপণিবিতান করা হচ্ছে। তবে আপাতত কাজ বন্ধ রাখা হয়েছে। জমির কাগজ দেখতে চাইলে তিনি তা দেখাতে পারেননি।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, কোটচাঁদপুর মৌজার ৯৪৯ নম্বর দাগের ৩৮ দশমিক ৫ শতক জমির ওপর প্রাথমিক বিদ্যালয়ের তিনটি ভবন রয়েছে। এগুলোতে ১১টি শ্রেণীকক্ষ ও দুটি কার্যালয় আছে। বিদ্যালয়টি ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, কোটচাঁদপুর পোস্ট অফিস সড়কের পাশেই বিদ্যালয়ের সীমানাপ্রাচীর। প্রাচীরের ভেতরে বিদ্যালয়ের ১ শতাংশ জমির ওপর একটি একতলা ভবন নির্মাণ করা হচ্ছে। এখানে ছয়টি কক্ষ করা হয়েছে।
বিদ্যালয়ের শিক্ষক শাহান আফরোজ জানান, আগস্ট মাসের মাঝামাঝি সময়ে বিদ্যালয়ের সীমানাপ্রাচীরের মধ্যে থাকা দুটি কৃষ্ণচূড়াগাছ পৌর কর্তৃপক্ষ কেটে নিয়ে যায়। এরপর মার্কেট নির্মাণের কাজ শুরু হয়। তাৎক্ষণিকভাবে তাঁরা বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের কর্মকর্তাদের জানান। কিন্তু শিক্ষা কার্যালয় কোনো ব্যবস্থা না নেওয়ায় কাজ চলতে থাকে। একপর্যায়ে শ্রমিকেরা বিদ্যালয়ের একটি ভবনের ছাদের একপাশের কার্নিশ ভেঙে ফেলেন। তখন বিষয়টি জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের কর্মকর্তাদের জানানো হয়। জেলা শিক্ষা কার্যালয় তাঁদের মামলা করার নির্দেশ দেয়। সে অনুযায়ী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান বাদী হয়ে কোটচাঁদপুর সহকারী জজ আদালতে একটি মামলা দায়ের করেন।
প্রধান শিক্ষক আসাদুজ্জামান জানান, মামলার পরিপ্রেক্ষিতে আদালত গত ২৭ আগস্ট পৌরসভা কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। মামলা এখনো বিচারাধীন।
অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন জানান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এস এম মেসবাহউল ইসলাম বিষয়টি দেখার জন্য জেলা প্রশাসক শফিকুল ইসলামকে চিঠি দিয়েছেন। সেই চিঠি পেয়ে জেলা প্রশাসক ২৭ আগস্ট পৌরসভাকে কাজ বন্ধ রাখার জন্য চিঠি দিয়েছেন।