দখল করা দোকানের জমি সরকারি নয়
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বানিয়ারচর বউ বাজারে আওয়ামী লীগের সাইনবোর্ড টাঙিয়ে দখল করা নির্মাণাধীন দোকানঘরের জমি সরকারি খাস কিংবা আওয়ামী লীগের নয় বলে তদন্তে প্রমাণ মিলেছে। জমির প্রকৃত মালিক প্রেমচাঁদ গাইন ও জন শ্রীকান্ত বাড়ৈ।স্থানীয় ভূমি অফিসের তহশিলদার ও সার্ভেয়ার সরেজমিন তদন্ত শেষে গত বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে এই প্রতিবেদন জমা দিয়েছেন। মুকসুদপুরের ইউএনও খায়রুজ্জামান জানান, ওই দোকানঘরে আর আওয়ামী লীগের সাইনবোর্ড টাঙিয়ে রাখার কোনো যৌক্তিকতা নেই। যাঁরা দলীয় সাইনবোর্ড টাঙিয়েছেন, তাঁরাই এখন তা সরিয়ে ফেলবেন।জানা গেছে, চার মাস আগে মুকসুদপুর উপজেলার বানিয়ার চরের কলিগ্রামে বাঁশ ও টিন দিয়ে বেশ কিছু দোকানঘরের নির্মাণকাজ শুরু হয়। গত ২৪ আগস্ট জলিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অখিল বৈরাগী ও সাধারণ সম্পাদক অধীর সাহাসহ কয়েকজন দুটি দোকানঘর দখল করে বাংলাদেশ আওয়ামী লীগ বানিয়ারচর শাখার সাইন বোর্ড টাঙিয়ে দখল করেন। এরপর ওই জমি সরকারি দাবি করে তাঁরা ইউএনওর কাছে বরাদ্দ চেয়ে আবেদন করেন।