দখল ছাড়ছেন না সাংসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রায় দুই বছর আগে শুরু হওয়া উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের কাজের অগ্রগতি নেই। কোথাও কোথাও পড়ে আছে পাইলিংয়ের খুঁটি। গতকাল তোলা ছবি । প্রথম আলো
প্রায় দুই বছর আগে শুরু হওয়া উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের কাজের অগ্রগতি নেই। কোথাও কোথাও পড়ে আছে পাইলিংয়ের খুঁটি। গতকাল তোলা ছবি । প্রথম আলো

রাজউকের উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের দখল ছাড়ছেন না সরকারদলীয় সাংসদ এনামুল হক। তাঁর ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করতে না পারায় রাজউক চুক্তি বাতিল করে দেয়। কিন্তু তিনি রাজউককে পাত্তাই দিচ্ছেন না।
এই প্রকল্পের ‘এ’ ব্লকে ২৬টি ১৬তলা ভবন নির্মাণের কাজ পেয়েছিল এনামুল হকের এনা প্রপার্টিজ। কাজ পাওয়ার পর দুই বছরে মাত্র ৪ শতাংশ কাজ হয়েছে। রাজউক বারবার চিঠি দিয়ে সতর্ক করার পর শেষমেশ ১৫ ডিসেম্বর চুক্তি বাতিল করে দেয়। এরপর রাজউকের চিঠি বাতিল করতে তিনি মন্ত্রণালয়ে গিয়ে প্রভাব খাটান। শেষ পর্যন্ত মৌখিকভাবে তিনি ১৫ জানুয়ারি পর্যন্ত সময় নিয়েছেন বলে জানা গেছে।
সাংসদ কাজ শেষ করার জন্য সময় নিলেও সরেজমিন ঘুরে কাজের কোনো অগ্রগতি দেখা যায়নি। রাজউকের একজন দায়িত্বশীল কর্মকর্তা গতকাল প্রথম আলোকে বলেন, এনা প্রপার্টিজ কাজ করতে পারছে না বলেই চুক্তি বাতিল করা হয়েছে। এখন শোনা যাচ্ছে, মন্ত্রণালয়ে গিয়ে মৌখিকভাবে ১৫ জানুয়ারি পর্যন্ত তিনি সময় নিয়েছেন। কিন্তু সময় নেওয়ার পরও তারা কাজ শুরুই করেনি। আসলে এই প্রতিষ্ঠানের পক্ষে এত বড় কাজ শেষ করা সম্ভব নয়। প্রভাব খাটিয়ে প্রকল্পের দখল না ছাড়ায় রাজউক পুনঃ দরপত্র আহ্বান করতেও পারছে না।
গতকাল সোমবার যোগাযোগ করা হলে এনামুল হক প্রথম আলোকে বলেন, ‘কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছি।’ তিনি অবশ্য চুক্তি বাতিলের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন এবং মন্ত্রণালয়ে প্রভাব খাটানোর অভিযোগ অস্বীকার করেন।
সরেজমিন ঘুরে ও রাজউক সূত্রে জানা গেছে, দুই বছরে ৫৬ ভাগ শেষ হওয়ার কথা থাকলেও এনামুলের প্রতিষ্ঠান করতে পেরেছে মাত্র ৪ শতাংশ কাজ। কাজ করতে না পারায় রাজউক গত ৭ অক্টোবর তাঁর প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। এর প্রক্রিয়া হিসেবে গত ১৫ ডিসেম্বর ১৯ নম্বর লট বাতিলের আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়। ওই লটের কাজ হয় মাত্র শূন্য দশমিক ৩০ শতাংশ।
এ বিষয়ে কয়েক দিন আগে রাজউকের বিদায়ী সদস্য (উন্নয়ন) খন্দকার সালাহউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘চুক্তি বাতিলের জন্য ৭ অক্টোবর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হলেও আমরা কাজের অগ্রগতি দেখতে চাইছিলাম। পরে চুক্তি বাতিলের চিঠি দেওয়া হয়েছে।’
সংশ্লিষ্ট সূত্র জানায়, এনামুলের প্রতিষ্ঠান এনা প্রপার্টিজ যৌথভাবে কোরিয়ার প্রতিষ্ঠান ডুঙ্গা ও ডিডিজের সঙ্গে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও গণপূর্ত অধিদপ্তরের ৬১টি ১৬তলা ভবন নির্মাণের চুক্তি করে। পরে নির্মাণস্থলে বৈদ্যুতিক খুঁটি ও লাইন থাকায় ছয়টি ভবনের কাজ স্থগিত করা হয়। বাকি ৫৫টি ভবনের মধ্যে রাজউকের অংশের ২৬টি ভবনের চুক্তি বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ৭ অক্টোবর রাজউক চিঠি তৈরি করে।
এরপর রাজউক ক্ষতিপূরণ চেয়ে ১৭ ডিসেম্বর আরেকটি চিঠি পাঠায়। কাজ শেষ না হলেও রাজউক দুই বছরে বিল পরিশোধ বাবদ প্রায় শতকোটি টাকা খরচ করেছে।
কাজ শেষ করতে না পারার কারণ জানতে চাইলে এনামুল হক বলেন, ‘দীর্ঘদিন দেশের যে অবস্থা, কাজই করা যাচ্ছে না। এটা আপনাদের বুঝতে হবে। তা ছাড়া চুক্তি হওয়ার এক বছর পর রাজউক জমি বুঝিয়ে দেয়। নকশা বুঝিয়ে দেয় আরও পরে।
অবশ্য রাজউকের নথি থেকে জানা যায়, এনা-ডুঙ্গার সঙ্গে চুক্তি হয় ২০১২ সালের ফেব্রুয়ারিতে এবং এনা-ডিডিজের সঙ্গে হয় ওই বছরের জুনে। চুক্তির সময়ই জমি এবং চুক্তির পরপরই নকশা বুঝিয়ে দেওয়া হয়। রাজউকের হিসাব অনুযায়ী, মোট পাইলিং করার কথা ১৭ হাজার ৯০০টি। করা হয়েছে পাঁচ হাজারের মতো।
কয়েক দিন আগে এলাকায় গিয়ে দেখা যায়, প্রকল্প এলাকার বেশির ভাগ অংশ আগের মতোই ফাঁকা পড়ে আছে। এনা-ডুঙ্গার স্থানীয় কার্যালয়ে ও বিভিন্ন ভবন নির্মাণস্থলে কিছু লোককে দেখা যায়। তাঁরা জানান, মাঝে সামান্য বিরতি দিয়ে কাজ শুরু করা হয়েছে।
এনা-ডিডিজের অধীন ১৬, ১৮ ও ১৯ নম্বর ভবনের নির্মাণস্থলে কিছু সিমেন্টের বস্তা দেখা যায়। এনা-ডুঙ্গার অংশের ১ থেকে ৬ নম্বর ভবনস্থলেও কিছু কিছু পাইল ঢালাইয়ের কাজ হচ্ছে। এর মধ্যে ১ থেকে ৪ নম্বর ভবন এলাকায় লোহার খাঁচা তৈরি হচ্ছে পাইলের জন্য। ৫ নম্বর লট এলাকায় বালু আর পাথর ভরা। ৭ থেকে ১০ নম্বর লট এলাকা প্রায় ফাঁকা।
কিছু অংশে আগে পাইলিংয়ের জন্য তৈরি রডের খাঁচা ও অন্য সামগ্রীতে আরও বেশি মরচে ধরেছে। সেগুলো পরিষ্কারের কাজ করছেন কিছু শ্রমিক। রাজউক থেকে অবশ্য বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত কোনো সামগ্রী ব্যবহার করতে দেওয়া হবে না।
উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের ‘এ’ ব্লকের জন্য আবেদন করেছিলেন প্রায় ছয় হাজার গ্রাহক। তাঁদের ৫০০ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা রাজউকের কাছে পড়ে আছে। যথাসময়ে ফ্ল্যাট পাওয়া নিয়ে উদ্বিগ্ন তাঁরা।
এদিকে সদ্যনিযুক্ত বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের ব্যবস্থাপনাধীন প্রতিষ্ঠান হামিদ রিয়েল এস্টেট কনস্ট্রাকশন লিমিটেডের সঙ্গে বিল্ডিং ফর ফিউচার (বিএফএল) যৌথভাবে এই প্রকল্পে চারটি লটের আটটি ভবনের কাজ করছে। শুরুর দিকে পিছিয়ে থাকলেও বর্তমানে প্রতিষ্ঠান দুটির কাজ প্রায় ২০ শতাংশ শেষ হয়েছে বলে রাজউক সূত্র জানায়। এ জন্য এই প্রতিষ্ঠানকে নোটিশ করা হয়নি।
বিএফএলের ব্যবস্থাপনা পরিচালক তানভীরুল হক বলেন, তাঁদের নির্মাণকাজ কখনোই বন্ধ হয়নি। কাজের অগ্রগতিও ভালো।
গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ১২ ধারা অনুযায়ী, ‘সরকারের সঙ্গে কোনো ব্যক্তির ব্যবসায়িক সম্পর্ক থাকলে তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার এবং থাকার যোগ্য হবেন না।’ কিন্তু এনামুল হক বারবার তা লঙ্ঘন করেছেন। রাজশাহী সিটি সেন্টার নির্মাণকাজ, বিদ্যুৎ প্রকল্পের ও উত্তরা অ্যাপার্টমেন্টের কাজ পান তিনি। এ ছাড়া বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদও অ্যাপার্টমেন্ট প্রকল্পে সরকারের সঙ্গে ব্যবসা করছেন।