দখল-দূষণে বিপর্যস্ত নয়া মির্জা খাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দখল ও দূষণে বিপর্যস্ত হয়ে পড়ছে চট্টগ্রামের বহদ্দারহাটসংলগ্ন নয়া মির্জা খাল। চাঁন মিয়া সওদাগর সড়কের পাশ ঘেঁষে যাওয়া খালটির বিভিন্ন স্থান ময়লা-আবর্জনায় ভরে গেছে। এ ছাড়া দখলদারদের দৌরাত্ম্যে কয়েকটি স্থান সংকুচিত হয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, এসব কারণে প্রতিবছর চাঁন মিয়া সওদাগর সড়কের আশপাশের লক্ষাধিক বাসিন্দাকে জলাবদ্ধতার কারণে দুর্ভোগ পোহাতে হয়। খাল খনন ও পরিষ্কার না করার কারণে সামনের বর্ষা মৌসুমেও জলাবদ্ধতা দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা।
নয়া মির্জা খাল বহদ্দারহাট কাঁচাবাজারের কাছে চাক্তাই খালের সঙ্গে সংযুক্ত হয়েছে। সরেজমিনে দেখা গেছে, এই সংযোগ এলাকায় সবচেয়ে বেশি ভরাট হয়েছে খালটি। কাঁচাবাজার থেকে উত্তর দিকে চাঁন মিয়া সওদাগর সড়ক ধরে যাওয়ার সময় দেখা যায় খালটির কোথাও পলিথিন, মাটি, বাড়ির ময়লা-আবর্জনা ফেলা হয়েছে।
ফরিদারপাড়া এলাকায় দেখা যায়, খালের ভেতর মাটির স্তূপ। খাল পারাপারের জন্য নির্মিত সেতুর দুই পাশে পলিথিন ও ময়লা। কোথাও কোথাও খালের ভেতরে মাটির ওপর বিভিন্ন আগাছা জন্মেছে। ফরিদারপাড়ার বাসিন্দা কুতুব উদ্দিন বলেন, ‘খালটির জন্য প্রতিবছর আমাদের দুর্ভোগের শেষ নেই। ২০ মিনিটের বৃষ্টিতে এখানে পানি উঠে যায়। এবার পরিস্থিতি আরও ভয়াবহ হবে।’
বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, চাক্তাই খালের সঙ্গে সংযুক্ত খালটি অনেক বছর খনন করা হয়নি। স্থানীয় অনেক বাসিন্দার অভিযোগ, বর্ষার আগে একটু মাটি ও ময়লা তুলে দায়সারাভাবে পরিষ্কার করা হয়। এবার তা-ও করা হচ্ছে না। এ ছাড়া কাঁচাবাজার এলাকায় খালটি বেশি দখল ও ভরাট করা হয়েছে।
সিটি করপোরেশন সূত্র জানায়, কাঁচাবাজার এলাকায় খালটির প্রশস্ততা ছিল ২৫ ফুট। কিন্তু বহদ্দারহাট কাঁচাবাজার সম্প্রসারণের জন্য এর ১০-১২ ফুট কয়েক বছর আগে ভরাট করা হয়।
সিটি করপোরেশনের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. মাহবুবুল আলম বলেন, ‘আগে খালটি প্রশস্ত ছিল। বহদ্দারহাট কাঁচাবাজারের জন্য সেটির কিছু অংশ ভরাট করা হয়। আর এখন অন্যান্য স্থানেও ভরাট করা হয়েছে। এ ছাড়া ময়লা-আবর্জনায় ভর্তি হয়ে আছে। আমি এর মাটি তোলার জন্য আবেদন করেছিলাম। মেয়র মহোদয় এক্সকাভেটর লাগানোর কথা বলেছেন। কিন্তু এখনো তা হয়নি। যদি ভালোমতো খনন ও পরিষ্কার করা না যায় তাহলে এবার জলাবদ্ধতা বাড়বে।’
সরেজমিনে দেখা যায়, বহদ্দারহাট কাঁচাবাজার ভেঙে বহুতল ভবন করা হচ্ছে। এই বহুতল ভবন নির্মাণের পাইলিংয়ের মাটি ফেলা হচ্ছে খালের ভেতর। মাটি পরে সরানো হলেও তার অনেকখানি খালে রয়ে যাচ্ছে।
এ বিষয়ে কাউন্সিলর মাহবুবুল আলম বলেন, ‘ভবনের মাটি ফেলা হচ্ছে। আমরা ঠিকাদারকে নিষেধ করেছি। পরে ওই মাটি এক্সকাভেটর দিয়ে টেনে আনলেও পুরোপুরি আসছে না।’