দখল-দূষণে লালদীঘি বিপন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দখল আর দূষণে নষ্ট হচ্ছে যশোর শহরের ঐতিহ্যবাহী লালদীঘি। দীঘির চারপাশে দখলদারেরা ভরাট করে অবৈধভাবে দোকান নির্মাণ করেছেন। দীঘির পাড়ের বেশ কিছু বাড়ি এবং শতাধিক দোকানের শৌচাগারের মলমূত্র দীঘির পানিতে ফেলা হচ্ছে। এ কারণে ময়লা-আবর্জনা পানিতে মিশে তা দূষিত হচ্ছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, দেড় শ বছর আগে যশোর শহরের গাড়িখানা সড়কে পৌরসভার উদ্যোগে এক একর ১২ শতাংশ জমির ওপর লালদীঘি খনন করা হয়। এলাকার শত শত মানুষ প্রতিদিন দীঘিতে গোসল, কাপড় কাচাসহ বিভিন্ন কাজে দীঘির পানি ব্যবহার করছে।লালদীঘি ভরাট করে পৌর কর্তৃপক্ষের মার্কেট নির্মাণের সিদ্ধান্ত বাতিল এবং দীঘিটি পুনঃখননের দাবিতে জনমত গঠনের লক্ষ্যে পৌরসভার বাসিন্দারা শহরের মোড়ে মোড়ে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান চালিয়েছে। এ ছাড়া চলছে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি।লালদীঘি বাঁচাও আন্দোলনের নেতা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য ইকবাল কবির বলেন, শহরের ব্যক্তিমালিকানাধীন অধিকাংশ পুকুর ভরাট করে ফেলা হয়েছে। ছিন্নমূল মানুষের গোসলের জায়গা নেই। শহরের কোথাও আগুন লাগলে দমকল বাহিনী তা নেভানোর জন্য পানি খুঁজে পাবে না। অনেক পুকুর ভরাট হয়ে যাওয়ায় বর্ষার মৌসুমে গোটা শহর জলাবদ্ধ হয়ে পড়ে।গত রোববার লালদীঘি এলাকায় সরেজমিনে দেখা গেছে, পুকুরের চারপাশে অন্তত অর্ধশতাধিক দোকানঘর অবৈধভাবে গড়ে উঠেছে।মল, ক্লিনিক ও হোটেলের ময়লা-আবর্জনা দীঘিতে ভাসছে। দীঘির পাড়ের ডাস্টবিনের ময়লা দীঘির পানিতে গিয়ে মিশছে। দুর্গন্ধে নাকে রুমাল দিয়ে পথচারীদের চলাচল করতে হচ্ছে। দীঘিতে গোসল ও কাপড় কাচছেন কয়েকজন। তাঁদের মধ্যে সুইপার কলোনির রীনা রানি ও মালা রানি বলেন, ‘অন্য জায়গার পুকুরে আমাদের নামতে দেওয়া হয় না। লালদীঘির পানিতে গোসল করলে গা চুলকায়।’লালদীঘির দক্ষিণ পাশে পৌর কর্মচারী ইউনিয়নের কার্যালয়। ইউনিয়নের নেতারা পুকুরের কিছু জায়গা ভরাট করে চাটাই দিয়ে ঘিরে রেখেছেন।এ ব্যাপারে জানতে চাইলে পৌর কর্মচারী ইউনিয়নের সহসভাপতি আবুল কালাম আজাদ বলেন, ‘আমরা পৌর কর্তৃপক্ষের কাছ থেকে জায়গা ইজারা নিয়ে মাটি ফেলেছি।’যশোর পৌরসভার মেয়রের দায়িত্বপ্রাপ্ত প্যানেল মেয়র মোকসিমুল বারী বলেন, দুর্গন্ধের কারণে কেউ কারও বাড়ির পাশে ডাস্টবিন করতে দেয় না। তাই লালদীঘির পাড়ে পৌরসভার জায়গায় ডাস্টবিন স্থাপন করা হয়েছে। লালদীঘি দখলমুক্ত করে বেড়া দিয়ে ঘিরে রাখা হবে বলে তিনি জানান।