
চট্টগ্রাম সিটি করপোরেশন নগরের মহেশ খাল ও গয়নার ছড়া খালে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে। গতকাল মঙ্গলবার দুপুরে নগরের দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের জেলেপাড়া এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করেন করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।
এই দুটি খালের উভয় পাড়ে প্রায় এক হাজার অবৈধ স্থাপনা রয়েছে বলে জানান সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির ও কাউন্সিলর মোরশেদ আকতার। এর মধ্যে গতকাল প্রথম দিনে প্রায় এক শ স্থাপনা অপসারণ করা হয়েছে। পর্যায়ক্রমে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে তাঁরা জানান।
গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে জেলেপাড়ায় সরেজমিনে দেখা যায়, মহেশ খালের পূর্ব পাড়ে অবৈধভাবে গড়ে ওঠা ভাসমান দোকানগুলোর মালামাল নিজ উদ্যোগে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন দোকানি ও তাঁদের স্বজনেরা। ভাসমান দোকানগুলো টিনের তৈরি। এর মধ্যে ছিল মুদির দোকান, চায়ের দোকান, রিকশার গ্যারেজ। বেলা একটার দিকে অভিযান শুরু করে সিটি করপোরেশন। এই সময় দোকানগুলো গুড়িয়ে দেওয়া হয়। এই অভিযানে অংশ নেন সিটি করপোরেশনের প্রায় ৭০ জন শ্রমিক।
প্রায় ছয় মাস আগে খাল পাড়ে ভাতের দোকান খুলেছিলেন মোহাম্মদ বকুল। তিনি বলেন, স্থাপনা সরিয়ে নিতে আগের দিন সোমবার সিটি করপোরেশন মাইকিং করে। দোকানের মালামাল সরিয়ে নিতে পারলেও স্থাপনা সরানো সম্ভব হয়নি। একই কথা বলেন চা-বিক্রেতা লাকী বেগম।

দক্ষিণ কাট্টলীর জেলেপাড়ার বাসিন্দা দুলাল দাশ ও হরিপদ দাশ প্রথম আলোকে বলেন, মহেশ খালে এক সময় নৌকা চলত। কিন্তু ১৯৯০ সালের পর থেকে মহেশ খালের জায়গা দখল শুরু হয়। এতে খাল সংকুচিত হয়ে পড়ে পানিনিষ্কাশনও বাধাগ্রস্ত হচ্ছে। বৃষ্টির সময় পানি মহেশ খাল উপচে এলাকাগুলো হাঁটুপানিতে তলিয়ে যায়।
অভিযান শুরুর আগে সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির সাংবাদিকদের বলেন, মহেশ খালসহ নগরের সবগুলো খালের উভয় পাড় থেকে অবৈধ স্থাপনা অপসারণ করা হবে। এ ক্ষেত্রে প্রতিষ্ঠান কিংবা ব্যক্তি কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। উচ্ছেদের পর যাতে কেউ পুনরায় দখল করতে না পারে সে ব্যাপারে নজরদারি থাকবে। আর খালগুলো খনন করে পানি ধারণক্ষমতা বৃদ্ধি করা হবে।
জলাবদ্ধতায় জনগণ কষ্ট পাচ্ছে উল্লেখ করে মেয়র আ জ ম নাছির বলেন, সবগুলো খাল দখলমুক্ত করা হলে নগরের জলাবদ্ধতা অনেকটাই নিরসন করা সম্ভব হবে।
এদিকে জেলেপাড়ার একটি অংশে খালের পাড় থেকে স্থাপনা অপসারণ করতে পারলেও আরেকটি অংশ থেকে সম্ভব হয়নি। এই সময় দোকানের লোকজন নিজেদের মালিকানার স্বপক্ষে বিভিন্ন কাগজপত্র মেয়রের কাছে উপস্থাপন করেন।
এই প্রসঙ্গে জানতে চাইলে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোরশেদ আকতার প্রথম আলোকে বলেন, তাঁদেরকে (দোকানমালিক) মালিকানার স্বপক্ষে সব কাগজপত্র সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে জমা দিতে বলা হয়েছে। এরপর তা যাচাই-বাছাই করা হবে। যদি তাঁদের জায়গা হয় তা কিনে নেওয়া হবে।
চট্টগ্রাম নগরের কর্ণফুলীর সল্টগোলা থেকে শুরু হয়ে মহেশ খাল নগরের আগ্রাবাদ, হালিশহর ও দক্ষিণ কাট্টলীর বিভিন্ন এলাকা হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। খালের দৈর্ঘ্য সাড়ে ১৩ কিলোমিটার। প্রস্থ ৫০ থেকে ১২০ ফুট। তবে দক্ষিণ কাট্টলীর জেলেপাড়া এলাকায় অনেক স্থানে খালের দৈর্ঘ্য ১৫ থেকে ২০ ফুট। এ ছাড়া গয়নার ছড়া খালের এক প্রান্ত নগরের ফইল্ল্যাতলী বাজারের মহেশ খালে মিশেছে। এর দৈর্ঘ্য প্রায় তিন কিলোমিটার ও প্রস্থ গড়ে ৫৫ ফুট।