দখল স্বত্বে মালিকানা দাবি বাসিন্দাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের খুলশী ও বায়েজিদ বোস্তামি এলাকায় রাতের আঁধারে চলছে পাহাড় কাটা। এদিকে দখল স্বত্বে পাহাড়ি জমির মালিকানাও দাবি করছেন অনেকে।
স্থানীয় সূত্র জানায়, নগরের বায়েজিদ থানার শান্তিনগর এলাকায় সরকারি পাহাড় কেটে ঘর তৈরি করে কয়েক যুগ ধরে ভাড়া দিচ্ছেন অনেক ভূমিহীন ব্যক্তি। তাঁরা এখন নিজেদের ওই পাহাড়ি জমির মালিকও দাবি করছেন।
মালিকানা হাতছাড়া হওয়ার ভয়ে গড়ে তুলেছেন ‘ষোলশহর ভূমিহীন বহুমুখী সমবায় সমিতি লিমিটেড’ নামের একটি সংগঠন। এই সমিতির সাধারণ সম্পাদক মফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা সরকারি এই খাস পাহাড়ে ১৯৮০ সাল থেকে আছি। এক যুগ থাকলেই যেখানে মালিক হয়ে যায়, সেখানে ৪০ বছর থেকেও কেন আমরা মালিকানা পাব না?’
সূত্র জানায়, এই সমিতির দখলে আছে প্রায় ২৭ একর ভূমি। ৩৫ বছর ধরে পাহাড় কেটে তা সমতল করা হয়। এ জন্য কোনো ইজারাও নেওয়া হয়নি। সমিতির সদস্যসংখ্যা ৫৭৪ জন। তাঁদের প্রত্যেকের তিন থেকে ১৫টি পর্যন্ত ভাড়া ঘর রয়েছে। পাহাড় কেটে নতুন নতুন ঘর নির্মাণও অব্যাহত রয়েছে।
গত ৩ ফেব্রুয়ারি পশ্চিম শান্তিনগর এলাকায় কাটা পাহাড় ধসে নুরুন্নাহার বেগম (৩০) নামের এক নারী মারা যান। এ সময় তাঁর শ্বশুর যদু মিয়া আহত হন। যদু মিয়া ওখানে পাহাড় কেটে একটি টিনশেড ঘর বানিয়েছেন। ঘরটির পাশে পাহাড়ের একটু একটু মাটি সরিয়ে নতুন করে একটি ঘর নির্মাণের চেষ্টা করছিলেন বলে অভিযোগ রয়েছে। ২০০৫ সালে এখানে পাহাড় ধসে মারা যায় চার শিশু। এ ঘটনার পর পুলিশকে কিছুটা তৎপর দেখা যায়। কিছুদিন প্রকাশ্যে পাহাড় কাটা বন্ধ ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আবার পুরোনো চিত্র শান্তিনগর এলাকার।
সরেজমিনে দেখা যায়, বেড়া দিয়ে নতুন করে ঘর তোলা হচ্ছে। কেউবা একটু একটু করে মাটি সরাচ্ছেন। ওই এলাকায় আগে সিটি করপোরেশন ময়লা ফেলত। পাহাড়ের মাটি ও ময়লাগুলো সমান করে সেখানে এখন বেড়া দিয়ে ঘর তৈরির কাজ চলছে।
শফিকুল ইসলাম নামের এক ব্যক্তি বলেন, ‘আমি দিনমজুর হিসেবে এখানে মাটি কাটার কাজ করছি।’ সালেহা বেগম নামের এক নারীকে দেখা গেল পাহাড়ের ঢালে তৈরি ঘরে বসবাস করছেন। তিনি বলেন, ‘গরিব মানুষ যাব কোথায়? এখানে একজন আমাদের থাকতে দিয়েছে। নিজেরা ঘর করেছি।’
খুলশীতে রাতের আঁধারে পাহাড় কাটা: পরিবেশ অধিদপ্তরের পাশেই দক্ষিণ খুলশীর বিভিন্ন স্থানে চলছে পাহাড় কাটা। বিশেষ করে রাতের অন্ধকারে এখানে পাহাড় কাটা হয়। এখানকার পাহাড়িকা আবাসিক এলাকার ৩ নম্বর সড়কে গত ৩১ মার্চ রাতে পাহাড় কাটার সময় পড়ে গিয়ে ইউনুছ নামের এক শ্রমিক নিহত হন। এ সময় আহত হন আরও দুজন। পুলিশের টহল দল দেখে পালানোর সময় এ ঘটনা ঘটে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘রাতের বেলায় এখানে পাহাড় কাটা হয়। পুলিশ অ্যাকশনে গেলে পাহাড় কর্তনকারীরা পালিয়ে যায়। আমরা বিভিন্ন সময়ে মামলাও করেছি।’ সর্বশেষ ওই ঘটনার পর পরিবেশ অধিদপ্তর ঘটনাস্থল পরিদর্শন করে।
এ বিষয়ে জানতে চাইলে অধিদপ্তরের উপপরিচালক মো. শহীদুল ইসলাম বলেন, ‘পাহাড়িকা আবাসিক এলাকায় দেখেছি পাহাড় কাটা হয়েছে। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি। বিভিন্ন স্থানে রাতের বেলায় পাহাড় কাটা হয়। আমরা হাতেনাতে ধরতে পারি না। তবে খবর পেলে কিংবা পত্রিকার প্রতিবেদনের ভিত্তিতে আমরা ব্যবস্থা নিই।’