দখল হওয়া ভূমি ফেরতের দাবিতে প্রতীকী অনশন কর্মসূচি পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দিঘীনালা উপজেলা এলাকায় বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তর স্থাপনের নামে উচ্ছেদ হওয়া ২১ আদিবাসী পরিবারকে নিজ জমি ফিরিয়ে দেওয়ার দাবিতে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছে দীঘিনালা ভূমি রক্ষা কমিটি। গতকাল মঙ্গলবার খাগড়াছড়ি শহরের প্রেসক্লাবের সামনে ওই কর্মসূচি পালন করা হয়।
প্রতীকী অনশনে বক্তারা উপজেলার দীঘিনালা ইউনিয়নের যত্ন কুমার কার্বারিপাড়া ও শশী মোহন কার্বারিপাড়া থেকে বিজিবি ব্যাটালিয়ন ক্যাম্প স্থাপনের নামে ভূমি বেদখল বন্ধ রাখা, বেদখল জায়গা থেকে বিজিবির স্থাপনা প্রত্যাহার ও ব্যাটালিয়ন সদর দপ্তর স্থাপনের কারণে উচ্ছেদ হওয়া আদিবাসীদের জমি ফিরিয়ে দেওয়ার দাবি জানান। পরিবারগুলো নয় মাস ধরে অনাহারে ও অর্ধাহারে মানবেতর দিন যাপন করছে। প্রশাসন তাঁদেরকে জমি ফেরত দেওয়ার ব্যবস্থা করেনি, এমনকি কোনো সহযোগিতাও দিচ্ছে না। এ ছাড়া ক্ষতিগ্রস্ত গ্রামবাসীসহ ১৫০ জনের বিরুদ্ধে বিজিবির দেওয়া মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও জানান তাঁরা।
এ সময় দীঘিনালা ভূমি রক্ষা কমিটির সাধারণ সম্পাদক ধর্মজ্যোতি চাকমা ৫ মার্চ বাবুছড়া থেকে দীঘিনালা উপজেলা সদর পর্যন্ত মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেন।
প্রতীকী অনশনে বক্তব্য দেন দীঘিনালা ভূমি রক্ষা কমিটির সভাপতি পরিতোষ চাকমা, দীঘিনালা উপজেলা চেয়ারম্যান নবকমল চাকমা, খাগড়াছড়ি সচেতন নাগরিক সমাজের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মিলন দেওয়ান প্রমুখ।