দখল হওয়া খালের জমিতে প্রশাসনের সাইনবোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে খাল ভরাট করে দখলে নেওয়া জমিতে গত বৃহস্পতিবার সাইনবোর্ড স্থাপন করেছে জেলা প্রশাসন। এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা গতকাল শুক্রবার আনন্দ মিছিল করেছেন। তাঁরা ওই জায়গায় মেডিকেল কলেজ, ঈদগাহ, খেলার মাঠ ও পার্ক নির্মাণের দাবি জানিয়েছেন।
নারায়ণগঞ্জ নগরের শহীদনগর এলাকায় শীতলক্ষ্যা নদীর সঙ্গে সংযুক্ত একটি সরকারি খাল ভরাট করে মুক্তিযুদ্ধের দুজন সেক্টর কমান্ডারের নামে একটি বিপণিবিতান নির্মাণ করেন ১০ জন মুক্তিযোদ্ধা। এ ব্যাপারে গত বৃহস্পতিবার প্রথম আলোয় ‘এ কী করলেন ১০ মুক্তিযোদ্ধা!’ শীর্ষক সচিত্র প্রতিবেদন ছাপা হয়। ওই দিন বিকেলে জেলা প্রশাসনের পক্ষ থেকে সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. আবদুস সামাদ দখল হওয়া জমি উদ্ধার করে সেখানে একটি সাইনবোর্ড সাঁটিয়ে দেন। ওই সাইনবোর্ডে স্থানটিকে ‘খাল’ বলে উল্লেখ করা হয়েছে।
জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা সাংবাদিকদের বলেন, বিষয়টা তিনি কিছুদিন আগে জেনেছেন। ১০ জন মুক্তিযোদ্ধা যৌথভাবে জায়গাটা ইজারা নিয়েছিলেন। মুক্তিযোদ্ধারা ইজারা নেওয়ায় তাঁদের উচ্ছেদ করার ব্যাপারে এত দিন উদ্যোগ নেওয়া হয়নি। কিন্তু এক বছরের জন্য দেওয়া ইজারা এরই মধ্যে বাতিল করা হয়েছে। তিনি বলেন, এটা যে সরকারি সম্পত্তি সেই মর্মে একটি সাইনবোর্ড লাগানো হয়েছে। নিয়ম অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।