দখল হয়ে যাচ্ছে হাটের জায়গা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধভাবে দখল হয়ে যাচ্ছে বগুড়ার শেরপুরের ভবানীপুর হাটের জায়গা। এর পেছনে ক্ষমতাসীন দলের স্থানীয় ব্যক্তিরা জড়িত। হাটের জায়গা দখলের কারণে কেনাবেচা করতে হচ্ছে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের চত্বরে।হাটের জায়গা অবৈধভাবে দখলের সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা হাট কমিটির সভাপতি মোহাম্মদ হোসেন জানান, তিনি আইনি ব্যবস্থা নিতে গেলে তদবির শুরু হয়ে যায়। এই তদবির অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।ভবানীপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয় সূত্রে জানা গেছে, হাটের অর্ধেক জায়গা দখল হয়ে গেছে। চলতি বছর অবৈধভাবে দখল করে নির্মাণ করা হয়েছে ৪০ থেকে ৪৫টি ঘর।হাটের ইজারাদার ইসমাইল হোসেন জানান, সপ্তাহে রবি ও বুধবার হাট বসে। হাটের জায়গা-দখল অব্যাহত থাকায় হাট বসে সড়কের ওপর। এতে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এ ছাড়া রয়েছে দুর্ঘটনার আশঙ্কা। দখলের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। দখল বন্ধে উপজেলা প্রশাসনের কাছে লিখিতভাবে আবেদন জানিয়েও কোনো কাজ হয়নি।গত রোববার বিকেলে সরেজমিনে দেখা গেছে, হাটে প্রায় তিন শতক জায়গার ওপর আধপাকা দুটি ঘর নির্মাণ করা হচ্ছে। ভবানীপুর গ্রামের মো. ছলিমুদ্দিন ও আঁটাইলের শহিদুল ইসলাম এগুলোর মালিক। শহিদুল ইসলাম জানান, তিনি স্থানীয় নেতা আবুল কালাম আজাদের কাছে অনুমতি নিয়েছেন। একই কথা জানান মো. ছলিমুদ্দিন। ইজারাদার ইসমাইল হোসেন জানান, আবুল কালাম আজাদ উপজেলার ভবানীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।আবুল কালাম আজাদ জানান, অনেকেই হাটের জায়গার ওপর ঘর তুলেছেন। তাই ওই দুজন ঘর তোলার কথা বললে তিনি সম্মতি দেন। তিনি দাবি করেন, এতে তিনি অবৈধ কোনো সুবিধা নেননি এবং হাটে অন্য যাঁরা ঘর তুলেছেন, সে বিষয়ে তিনি কিছু জানেন না।হাটের চাল ব্যবসায়ী রফিকুল ইসলাম জানান, তিনি দীর্ঘাই গ্রামের রফিক তালুকদারের কাছ থেকে ৩০ হাজার টাকা জামানত দিয়ে ঘর নিয়েছেন। প্রতি মাসে ভাড়া দিচ্ছেন ৬০০ টাকা। এর সত্যতা স্বীকার করেন রফিক তালুকদার। আরেক চাল ব্যবসায়ী আবদুল খালেক জানান, অনেকেই হাটের জায়গার ওপর ঘর তুলেছেন। তাই তিনিও তুলেছেন। ভবানীপুর ইউপির চেয়ারম্যান জি এম মোস্তফা কামাল জানান, তিনি ইউনিয়ন হাট কমিটির সভাপতি। অবৈধ দখল প্রতিরোধের চেষ্টা করে তিনি ব্যর্থ হয়েছেন। বিষয়টি তিনি ইউএনওকে একাধিকবার জানিয়েছেন।