লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় এক হিন্দু পরিবারের জমি দখলকারীদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নির্দেশনা বাস্তবায়নের প্রতিবেদন সাত দিনের মধ্যে আদালতে দাখিল করতে লালমনিরহাটের পুলিশ সুপারকে বলা হয়েছে।
বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এক রিটের শুনানি নিয়ে গতকাল সোমবার রুলসহ এই আদেশ দেন। একই সঙ্গে পাটগ্রামের রসুলপুর এলাকার হিন্দু নাগরিকদের নিরাপত্তা ও সম্পত্তি রক্ষায় কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), রংপুর বিভাগের উপমহাপরিদর্শক, লালমনিরহাটের পুলিশ সুপার, পাটগ্রাম থানার ওসিকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
গত ২ ফেব্রুয়ারি ইংরেজি দৈনিক ডেইলি স্টার-এ ‘হিন্দু’জ ল্যান্ড গ্র্যাবড বাই এএল লিডার’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়। এই প্রতিবেদনের ভিত্তিতে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে রিটটি করা হয়। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত রায়।
আদেশের বিষয়টি জানিয়ে মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, ওই ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করতে আইজিপিকে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন চার সপ্তাহের মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়েছে।