জাতীয় নদী রক্ষা কমিশনকে ‘কাগুজে বাঘ’ হিসেবে মন্তব্য করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। এই কমিশনকে কার্যকর ও ক্ষমতায়িত করাসহ নদ-নদী রক্ষায় আট দফা দাবি জানিয়েছে পরিবেশবাদী সংগঠনটি।
গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাপা আয়োজিত ‘কেমন হলো জাতীয় নদী রক্ষা কমিশন?’ শীর্ষক সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল মতিন লিখিত বক্তব্যে এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে গবেষক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘নৌমন্ত্রী বলেছেন, নদী দখলকারীরা এ যুগের রাজাকার। যদি তা হয়ে থাকে তাহলে আমাদের দাবি হলো, একাত্তরের রাজাকারদের, মানবতাবিরোধী অপরাধীদের বিচারে যেভাবে সরকার ট্রাইব্যুনাল গঠন করেছে, সেভাবে নদী দখলকারীদের বিচারের জন্যও বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হোক। নদী দখলকারীদের সর্বোচ্চ শাস্তির বিধান করে আইন প্রণয়ন করা হোক।’ তিনি বলেন, নদীর দখল ও দূষণ রোধে সবচেয়ে জরুরি সরকারের অঙ্গীকার ও সদিচ্ছা।
বাপার সাধারণ সম্পাদক বলেন, নদী রক্ষায় যে কমিশন হয়েছে সেটি দুর্বল, ক্ষমতাহীন। এর শাস্তি দেওয়ার কোনো ক্ষমতা নেই। এই ‘কাগুজে বাঘ’ কমিশনের মাধ্যমে নদী রক্ষা হবে না। তিনি বলেন, প্রয়োজনে আইন সংশোধন করে কমিশনকে নির্বাহী ক্ষমতা দিতে হবে, যাতে নদী রক্ষায় এই কমিশন শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে ভূমিকা রাখতে পারে।
নদী দখল রোধে ২০০৯ সালে হাইকোর্টে পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ রিট করে। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্টের রায়ের আলোকে জাতীয় নদী রক্ষা কমিশন আইন-২০১৩ প্রণয়ন করে সরকার। এরপর গত ৩ আগস্ট সাবেক সচিব আতাহারুল ইসলামকে চেয়ারম্যান করে জাতীয় নদী রক্ষা কমিশন গঠন করা হয়। ৩ সেপ্টেম্বর থেকে কমিশন কাজ শুরু করেছে।