দখলকারীরাই সরিয়ে নিচ্ছে অবৈধ স্থাপনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবৈধ স্থাপনা নিজেদের কর্মী দিয়ে ভেঙে ফেলে রুহুল আমিন টাওয়ার কর্তৃপক্ষ। আজ বুধবারের দৃশ্য। ছবি: হাসান রাজা
অবৈধ স্থাপনা নিজেদের কর্মী দিয়ে ভেঙে ফেলে রুহুল আমিন টাওয়ার কর্তৃপক্ষ। আজ বুধবারের দৃশ্য। ছবি: হাসান রাজা

গুলশান অ্যাভিনিউতে সড়কের দুই পাশের ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা সরিয়ে নিচ্ছেন দখলকারীরা। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বেঁধে দেওয়া সময়ের মধ্যে দখলকারীরা এসব স্থাপনা সরিয়ে নিচ্ছেন। 

ঘেরাও দিয়ে অবৈধ স্থাপনা সরিয়ে নিচ্ছে ওয়েস্টিন কর্তৃপক্ষ। আজ বুধবারের দৃশ্য। ছবি: হাসান রাজা
ঘেরাও দিয়ে অবৈধ স্থাপনা সরিয়ে নিচ্ছে ওয়েস্টিন কর্তৃপক্ষ। আজ বুধবারের দৃশ্য। ছবি: হাসান রাজা

আজ বুধবার দেখা যায়, গুলশান-২ নম্বরে অবস্থিত হোটেল ওয়েস্টিন, রুহুল আমিন টাওয়ার ও শেহজাদ প্যালেস ফুটপাতে গড়ে তোলা স্থাপনা সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, গত সোমবার থেকে এসব স্থাপনা সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়।
ডিএনসিসি সূত্রে জানা যায়, গুলশান, বনানী ও বারিধারা এলাকার বিদ্যমান সড়ক, ফুটপাত ও ড্রেনেজ-ব্যবস্থার উন্নয়নে ডিএনসিসির একটি প্রকল্পের কাজ চলছে। প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে ‘গুলশান, বনানী ও বারিধারা কূটনৈতিক এলাকার রাস্তা, নর্দমা ও ফুটপাত নির্মাণ ও উন্নয়ন’ শীর্ষক প্রকল্পটির কাজ শুরু হয়েছে গত ফেব্রুয়ারি থেকে।
এই প্রকল্পের অধীনে ৫৬ কিলোমিটার ফুটপাত উন্নয়ন করা হবে। গুলশান অ্যাভিনিউর ফুটপাত সংস্কার ও প্রশস্ত করতে ডিএনসিসির সম্পত্তি বিভাগ মাপজোখ শুরু করে। ফুটপাত মাপতে গিয়ে ডিএনসিসির সম্পত্তি বিভাগের কর্মকর্তারা ফুটপাতে অবৈধ দখল চিহ্নিত করেন। কর্মকর্তারা ফুটপাতের জায়গা মেপে লাল রং দিয়ে চিহ্নিত করে দেন।
ডিএনসিসির কর্মকর্তারা দেখতে পান, ফুটপাত দখল করে বানানো হয়েছে ব্যাংকের টাকা তোলার বুথ, কোথাও ফুটপাত চলে গেছে সড়কের পাশের বাড়ির সীমানার ভেতরে। কেউ নিজের মতো করে ফুটপাতের জায়গায় ব্যক্তিগত বাগান গড়ে তুলেছেন।
কিছু অবৈধ স্থাপনা তাৎক্ষণিক উচ্ছেদ করেন ডিএনসিসির কর্মকর্তারা। কিছু দখলকারীদের অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা সরিয়ে নিতে বিভিন্ন মেয়াদে সময় বেঁধে দেয় ডিএনসিসি। ডিএনসিসির বেঁধে দেওয়া সময়ের মধ্যে অবৈধ স্থাপনা সরানোর কাজ শুরু করেছে দখলকারীরা।

ফুটপাতের ওপর রাখা অবৈধ স্থাপনা সরিয়ে নেয় শেহজাদ প্যালেস। আজ বুধবারের দৃশ্য। ছবি: হাসান রাজা
ফুটপাতের ওপর রাখা অবৈধ স্থাপনা সরিয়ে নেয় শেহজাদ প্যালেস। আজ বুধবারের দৃশ্য। ছবি: হাসান রাজা

এ বিষয়ে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজিদ আনোয়ার প্রথম আলোকে বলেন, যেসব প্রতিষ্ঠান ফুটপাতের অংশ দখলে রেখেছিল, সিটি করপোরেশনের অনুরোধে তারা নিজেরাই সেগুলো সরিয়ে নিচ্ছে। ডিএনসিসির দেওয়া সময়ের মধ্যেই ফুটপাতের অংশ ছেড়ে দিচ্ছে। এটি উচ্ছেদের কোনো ঘটনা না।