দখলদার উচ্ছেদ করে দখল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার সাঁথিয়া উপজেলা আর–আতাইকুলা ইউনিয়নের মাধপুর বাজারে এভাবেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাংসদ ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছবি ঝুলিয়ে এবং আওয়ামী লীগের ব্যানার টানিয়ে সওজের জমি দখলে নিয়েছেন আওয়ামী লীগের স্থানীয় নেতারা। ছবিটি গত মঙ্গলবার তোলা l প্রথম আলো
পাবনার সাঁথিয়া উপজেলা আর–আতাইকুলা ইউনিয়নের মাধপুর বাজারে এভাবেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাংসদ ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছবি ঝুলিয়ে এবং আওয়ামী লীগের ব্যানার টানিয়ে সওজের জমি দখলে নিয়েছেন আওয়ামী লীগের স্থানীয় নেতারা। ছবিটি গত মঙ্গলবার তোলা l প্রথম আলো

বাঁ পাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ডান পাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর মাঝে পাবনা-১ (বেড়া-সাঁথিয়া) আসনের সাংসদ ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। গাছের ডালে, দড়িতে ঝুলছে তিনজনের ছবি। সামনে লম্বা ব্যানার। তাতে লেখা, বাংলাদেশ আওয়ামী লীগ আর-আতাইকুলা ইউনিয়ন ও অঙ্গসংগঠনের কার্যালয়।
পাবনার সাঁথিয়া উপজেলার আর-আতাইকুলা ইউনিয়নের মাধপুর বাজারে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি থেকে অবৈধ দখলদার উচ্ছেদ করে সেই জমি এভাবেই নিজেদের দখলে নিয়েছেন আওয়ামী লীগের স্থানীয় নেতারা। গত মঙ্গলবার দুপুরে সরেজমিনে দখলের এ চিত্র দেখা যায়।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, পাবনা-ঢাকা মহাসড়কের পাশে সওজ বিভাগের বেশ অনেখানি জমি রয়েছে। দীর্ঘদিন ধরে এ জমিতে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা অবৈধভাবে চা, পান, মুদিদোকানসহ বিভিন্ন পণ্যের দোকান দিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। হঠাৎ করেই জমিটির ওপর নজর পড়ে স্থানীয় আওয়ামী লীগের নেতাদের। ৪ জুন সকালে আওয়ামী লীগের স্থানীয় নেতা আরশেদ আলী ভাণ্ডরী, মশিউর রহমান ও আবদুল কুদ্দুস লোকজন নিয়ে সেখানে এসে অবৈধ ব্যবসায়ীদের উঠে যেতে নির্দেশ দেন। ভয়ে ক্ষুদ্র ব্যবসায়ীরা তাঁদের স্থাপনা দ্রুত সরিয়ে নেন। তাঁরা সরে যেতেই আওয়ামী লীগের ওই নেতারা ও তাঁদের লোকজন জমিটিতে ব্যানার টানিয়ে আর জমিতে দাঁড়ানো গাছে বঙ্গবন্ধু শেখ মুজিব, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাংসদ ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর ছবি টাঙিয়ে দেন। সেই সঙ্গে জমিটিতে ঢোকার মুখে আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের কার্যালয় লেখা ব্যানার ঝুলিয়ে দেন।
উচ্ছেদ হওয়া ব্যবসায়ীদের দাবি, হঠাৎ করেই জমিটি আওয়ামী লীগের স্থানীয় নেতাদের নজরে পড়েছে। তাঁরা পার্টির কার্যালয়ের নামে জমিটি দখলে নিয়ে নিজেদের মধ্যে ভাগ-বাঁটোয়ারার পাঁয়তারা করছেন। আর এ কাজে তাঁদের নেপথ্য শক্তি হিসেবে কাজ করছেন আর-আতাইকুলা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কোরবান আলী। তাঁর ইন্ধনেই আওয়ামী লীগের স্থানীয় নেতারা জমিটি দখলে নেন। গত সোমবার সকালে কোরবান আলী বিশ্বাসের শ্যালক আজাদ হোসেন উপস্থিত থেকে আওয়ামী লীগের স্থানীয় নেতাদের মধ্যে জায়গাটি ভাগ-বাঁটোয়ারা করে দিয়েছেন।
আগের অবৈধ দখলদার ও উচ্ছেদ হওয়া নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকানি বলেন, তিনিসহ প্রায় ১৭ জন ব্যবসায়ী ২৫ থেকে ৩০ বছর ধরে এই জমিতে দোকান করে জীবিকা নির্বাহ করছিলেন। কিন্তু হঠাৎ কোনো ধরনের প্রশাসনিক নির্দেশ ছাড়াই তাঁদের উঠে যেতে বলা হলো।
অপর এক ব্যবসায়ী বলেন, ‘আমি ৩০ বছর ধরে এই জমিতে দোকান করছি। কোনো দিন কেউ এই জমির ভাড়াও নেয়নি। হঠাৎ করে লোকজন এসে আমাদের দোকান ভেঙে দিল। এখন শুনছি এখানে আওয়ামী লীগের অফিস হবে।’
আর-আতাইকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কোরবান আলী বিশ্বাসের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। তবে তাঁর মুঠোফোনে ছেলে মিরাজুল ইসলাম বলেন, তাঁর বাবা নির্বাচনের পর থেকেই অসুস্থ। তাঁর বাবার নাম ভাঙিয়ে কেউ কিছু করলে সে জন্য তো তিনি দায়ী হতে পারেন না।
আওয়ামী লীগের স্থানীয় নেতা মশিউর রহমান বলেন, ‘যারা এখানে দোকান করে ব্যবসা করছিল, তারা অবৈধভাবে ছিল। জায়গাটি আমার। তাই আমি তাদের তুলে দিয়েছি।’
আর-আতাইকুলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরশেদ আলী ভাণ্ডরী বলেন, ‘বিষয়টি সম্পর্কে মশিউরই ভালো জানে। ইউনিয়ন আওয়ামী লীগের একটি অফিসের জন্য এখান থেকে কিছু জায়গা দেওয়া হবে। তাই আমরা সম্পৃক্ত হয়েছি।’
এদিকে সওজ বিভাগ পাবনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোফাজ্জল হায়দার ওই জমি সওজের সেটা নিশ্চিত করে বলেন, ‘জমিটিতে অবৈধ দখলদার ছিল সেটা আমি জানি। তবে কারা তাদের উচ্ছেদ করে নতুন করে দখল করছেন তা জানা নেই। এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’