দখলদারকে উচ্ছেদ করে কাউন্সিলরের জবরদখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের এক বিঘার একটি প্রাতিষ্ঠানিক প্লট এবার দখল করে নিয়েছেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর। তিনি সেখানে কাউন্সিলরের কার্যালয় করেছেন। এর আগে প্লটটি একটি ক্লাবের দখলে ছিল।
প্লট থেকে কাউন্সিলরের কার্যালয়টি সরিয়ে নেওয়ার জন্য গৃহায়ণ কর্তৃপক্ষ ঢাকা উত্তর সিটি করপোরেশনকে (ডিএনসিসি) চিঠি দিয়েছে। ডিএনসিসি এখনো কোনো ব্যবস্থা নেয়নি।
মিরপুরের রূপনগর আবাসিক এলাকার ৭ নম্বর সেকশেনের ই ব্লকে মিল্ক ভিটা রোড-সংলগ্ন ১ নম্বর প্রাতিষ্ঠানিক প্লটটি অবৈধ দখলে থাকার বিষয়টি প্রথম আলোচনায় আসে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে। গত বছর অনুষ্ঠিত ওই বৈঠকে কমিটির সদস্যরা প্লটটির বরাদ্দ প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে গৃহায়ণ কর্তৃপক্ষ জানায়, প্লটটি আগে স্থানীয় চলন্তিকা ক্লাবের দখলে ছিল। ক্লাব কর্তৃপক্ষ সেখানে একটি আধা পাকা ঘর তুলে নিজেদের কার্যক্রম চালিয়ে আসছিল। এই অবস্থায় ডিএনসিসির ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. রজ্জব হোসেন ক্লাবটি উচ্ছেদ করে সেখানে অবৈধভাবে তাঁর কার্যালয় স্থাপন করেন।
এ বিষয়ে জানতে চাইলে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান খন্দকার আখতারুজ্জামান সম্প্রতি প্রথম আলোকে বলেন, ‘ওই প্লটটি এখন পর্যন্ত কাউকে বরাদ্দ দেওয়া হয়নি। এখন সেখানে ওয়ার্ড কাউন্সিলরের যে কার্যালয়টি গড়ে উঠেছে, তার জন্য কোনো অনুমোদনও নেওয়া হয়নি। জায়গাটি যত দ্রুত সম্ভব ছাড়ার জন্য আমরা উত্তর সিটি করপোরেশনকে চিঠি দিয়েছি।’
গত শুক্রবার সরেজমিনে দেখা যায়, মূল সড়কের পাশে ওয়ার্ড কাউন্সিলরের একতলা কার্যালয়টি আগের অবস্থানেই আছে। এক
পাশে গড়ে উঠেছে কয়েকটি অস্থায়ী চায়ের দোকান। প্লটের এক কোনায় কিছু নির্মাণসামগ্রী রাখা। মাঝে স্থানীয় কিছু শিশু-কিশোর ক্রিকেট খেলছে।
প্লটটিতে কার্যালয় স্থাপনের আগে গৃহায়ণ কর্তৃপক্ষের অনুমোদন না নেওয়ার বিষয়টি স্বীকার করেন কাউন্সিলর মো. রজ্জব হোসেন। তিনি বলেন, ‘আগে এইখানে যে ক্লাবটা ছিল সেখানে মদ-জুয়ার আড্ডা বসত। স্থানীয় মুরব্বিদের সঙ্গে নিয়ে আমরা ওই ক্লাবটি সরিয়ে দিয়ে কার্যালয় করেছি।’ সরকারি জমি হওয়ায় অনুমোদন নেওয়ার বিষয়টি তাঁর মাথায় আসেনি বলে জানালেন এই জনপ্রতিনিধি।
কার্যালয়টি সরিয়ে নেওয়ার ব্যাপারে ডিএনসিসি থেকে কোনো ধরনের নির্দেশনা পেয়েছেন কি না জানতে চাইলে রজ্জব হোসেন বলেন, ‘এ রকম কোনো কিছু জানি না।’