দখলদারদের উচ্ছেদ করে খাল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর দরাপেরডাঙ্গা এলাকায় পানিনিষ্কাশনের খালে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খালটি দখলমুক্ত করা হয়েছে। কৃষকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বুধবার ওই সব স্থাপনা উচ্ছেদ করে খাল উদ্ধার করে জেলা প্রশাসন।জানা গেছে, উপজেলার উজানচর ইউনিয়নের দরাপেরডাঙ্গা ও ওমেদ আলী বেপারী পাড়া গ্রামের সামনে দিয়ে বয়ে যাওয়া একটি খাল কয়েক বছর আগে স্থানীয় বাসিন্দারা নিজেদের বাড়ির সামনের অংশটুকু মাটি দিয়ে ভরাট করে ফেলেন। এতে খালের ভেতর দিয়ে পানিপ্রবাহ বন্ধ হয়ে যায়। ফলে এলাকার বেশ কিছু আবাদি কৃষিজমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং চাষাবাদ বন্ধ হয়ে পড়ে। এ নিয়ে গত ৭ অক্টোবর প্রথম আলোয় ‘গোয়ালন্দে ৩০০ একর জমিতে চাষাবাদ বন্ধ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর প্রশাসনের উচ্চ পর্যায় থেকে তদন্ত শুরু হয়। উজানচর ইউনিয়ন ভূমি কর্মকর্তা (তহশিলদার) হাসেম আলী মণ্ডল অবৈধ দখলদারের বিরুদ্ধে ৯ অক্টোবর গোয়ালন্দ ঘাট থানায় একটি এজাহার দাখিল করেন।উচ্ছেদ হওয়া কামাল বেপারী বলেন, জেলা প্রশাসকের কার্যালয় থেকে মাপজোখের মাধ্যমে সীমানা নির্ধারণ করতে বলা হয়েছিল। কিন্তু এ পর্যন্ত কেউ এসে সীমানা ধরে মাপজোখ করেনি। এ ছাড়া এই মরাখালের ওপর অনেক আগেই একটি গ্রাম ও একটি বাজারও বসেছে। অথচ সেখানে শুধু ঘরবাড়ি ভাঙা হলো। ক্ষতিপূরণের দাবিতে প্রয়োজনে তাঁরা উচ্চ আদালতে যাবেন বলে জানান তিনি।