দখলদারদের কাছ থেকে খাল ও সরকারি জমি উদ্ধার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, সারা দেশের খাল ও সরকারি জমি অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করা হবে। দখলদারির যে রাজনৈতিক পরিচয়ই থাকুক না কেন, সরকার তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।গতকাল সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরপর্বে ঢাকার সাংসদ কামাল আহমেদ মজুমদারের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, মিরপুর থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে সারা দেশের দখল হয়ে যাওয়া খাল ও সরকারি জমি উদ্ধার করা হবে।অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ঢাকা জেলা প্রশাসকের দপ্তর খালের অবস্থান জরিপের মাধ্যমে চিহ্নিত করে এবং ঢাকা ওয়াসা সেসব খাল রক্ষণাবেক্ষণ করে। তিনি জানান, কাফরুল থানাধীন ইব্রাহীমপুর হয়ে কল্যাণপুর পর্যন্ত বগার মার খালের এখন কোনো অস্তিত্ব নেই। সেটি ‘বগার বাবারা’ খেয়ে ফেলেছে। জেলা প্রশাসকের অফিস থেকে বগার মার খাল চিহ্নিত করার পর অবৈধ দখলদারদের উচ্ছেদসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।সাংসদ সানজিদা খানমের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, চারদলীয় জোট সরকারের সময় সারা দেশেই খালসহ সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছে। সরকার সেসব উদ্ধারের কার্যক্রম নিয়েছে।এর আগে গতকাল সোমবার বিকেল সোয়া তিনটায় জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়। ডেপুটি স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সভার শুরুতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাংসদদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।নির্বাচনের জন্য ১৯ কোটি টাকা অপচয়: বিচারপতি এম এ আজিজের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন ২০০৬ সালে স্থগিত হয়ে যাওয়া সংসদ নির্বাচনের জন্য ১৯ কোটি ৩৫ লাখ টাকারও বেশি অর্থ অপচয় করেছিল। এর মধ্যে রাজস্ব খাত থেকে ১৯ কোটি ১৫ লাখ এবং বাজেটের উন্নয়ন খাত থেকে ২০ লাখ ৬০ হাজার টাকা ব্যয় করা হয়েছে। আওয়ামী লীগসহ কয়েকটি রাজনৈতিক দল এ নির্বাচন বর্জন করার ঘোষণা দেওয়ার পরও নির্বাচন কমিশন ওই সময় নির্বাচন করার চেষ্টা করে এ অর্থ খরচ করে। গতকাল সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংসদ কার্যে নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এ কথা জানান। সাংসদ ইস্রাফিল আলমের প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী মাঠপর্যায়ে বিভিন্ন কার্যক্রম গ্রহণসহ মালামাল সংগ্রহ, ব্যালট পেপার মুদ্রণ এবং অন্যান্য কাজে এ অর্থ ব্যয় করা হয়। নির্বাচন কমিশনের ওই সিদ্ধান্তের জন্য টাকা খরচ হয়েছে, এ জন্য কমিশনের মাঠপর্যায়ের কর্মকর্তাদের দায়ী করা ঠিক হবে না।তথ্যমন্ত্রী সংসদকে জানান, ওই নির্বাচন পরিচালনার জন্য রাজস্ব খাত থেকে ৫৯ কোটি ৯৫ লাখ ৭৯ হাজার টাকা বাজেট বরাদ্দ করা হয়েছিল। ব্যয় শেষে রাজস্ব খাতের ৪০ কোটি ৮১ লাখ ৪৬৫২ টাকা অর্থ বিভাগে সমর্পণ করা হয়েছে। আরও ১৮ নতুন পৌরসভা হচ্ছে: দেশে আরও ১৮টি নতুন পৌরসভা করা হচ্ছে। এ পৌরসভাগুলো গঠনের প্রস্তাব সরকারের বিবেচনাধীন। গাজীপুরের সাংসদ বেগম মেহের আফরোজের এক প্রশ্নের জবাবে গতকাল স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সংসদকে এ তথ্য জানান। দেশে মোট পৌরসভার সংখ্যা এখন ৩০৯টি।প্রস্তাবিত পৌরসভাগুলো হলো, পটুয়াখালীর কুয়াকাটা, নেত্রোকোনার কলমাকান্দা, চট্টগ্রামের লোহাগাড়া ও দোহাজারী, সিরাজগঞ্জের তাড়াশ, গাইবান্ধার বোনারপাড়া, পলাশবাড়ী ও সাঘাটা, বাগেরহাটের কচুয়া, নারায়ণগঞ্জের ফতুল্লা, টাঙ্গাইলের বাসাইল ও এলেঙ্গা, চাঁদপুরের নারায়ণপুর, বরিশালের উজিরপুর, লালমনিরহাটের হাতীবান্ধা, গাজীপুরের কালীগঞ্জ, মাদারীপুরের রাজৈর এবং কুমিল্লার মনোহরগঞ্জ।