দখলদারদের খাল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের আশুলিয়ার কুটুরিয়া থেকে ডেন্ডাবর ও বাইপাইল হয়ে ধামরাইয়ের বংশী নদী পর্যন্ত বিস্তৃত নলীরপাড় খাল। এলাকাবাসীর কাছে খালটি এখন শুধুই স্মৃতি। গত বিশ বছরে খালটির অধিকাংশই চলে গেছে দখলদারদের কবলে। নর্দমার (ড্রেন) মতো সরু খালটির যেটুকু অবশিষ্ট আছে, সেটুকুও ধীরে ধীরে দখল হয়ে যাচ্ছে।ডেন্ডাবরের বাসিন্দা বৃদ্ধ ইছামুদ্দিন, কুটুরিয়ার দেওয়ান মজিবর রহমান এবং নলামের আফজাল হোসেন বলেন, এক সময়ের প্রশস্ত খালটিতে প্রায় সারা বছরই পানি থাকত। এলাকার মানুষের গৃহস্থালি কাজের একমাত্র ভরসা ছিল এ খালের পানি। কিন্তু স্থানীয় জনসাধারণসহ ভূমিদস্যু ও শিল্পকারখানার মালিকেরা ধীরে ধীরে খালের দুই তীর দখল করে নিয়েছেন।সরেজমিনে দেখা গেছে, পূর্ব ডেন্ডাবর থেকে বাইপাইল পর্যন্ত এক কিলোমিটার অংশে সাহারিয়ার গার্মেন্টসসহ একাধিক প্রতিষ্ঠান ও ব্যক্তি খালটির দুই তীর দখল করে নিয়েছেন। সাহারিয়ার গার্মেন্টস কর্তৃপক্ষ খালের ওপর সেতুর মতো স্থাপনা নির্মাণ করে ওই অংশ নিজেরাই ব্যবহার করছে। এর পাশের ১০০ ফুট এলাকাজুড়ে মাটি ফেলে নির্মাণ করা হয়েছে মার্কেট। নাম নবীন বাজার মার্কেট। মার্কেটটির মালিক দীপবেন্দু রায় বলেন, আশপাশের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সংগতি রেখেই মার্কেটটি নির্মাণ করা হয়েছে। মার্কেটের পরের অংশে পাইপের ওপর মাটি ফেলে নির্মাণ করা হচ্ছে একটি কালভার্ট। কালভার্টটি নির্মাণ করছেন আশুলিয়ার উত্তর গাজীরচটের বাসিন্দা মো. মোবারক হোসেন।নবীনগর-কালিয়াকৈর সড়কের পাশে বাইপাইল এলাকায় খালের ওপর কালভার্টটি নির্মাণের জন্য গত ফেব্রুয়ারিতে জেলা প্রশাসকের কাছে আবেদন করেন মোবারক হোসেন। খাল ভরাট করে কালভার্ট নির্মাণের ওই আবেদনে স্থানীয় সাংসদ তালুকদার তৌহিদ জং মুরাদ সুপারিশ করেছেন। মোবারক হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সুপারিশে ঢাকা জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বাবুল মিয়া গত মার্চে কালভার্ট নির্মাণের অনুমতি দেন। এর আগে মানিকগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ (সওজ) থেকেও কালভার্ট নির্মাণের অনুমতি দেওয়া হয়। অনুমতি পেয়ে মোবারক হোসেন দিন পনেরো আগে খাল ভরাট করে কালভার্ট নির্মাণের কাজ শুরু করেন। জানতে চাইলে সাহারিয়ার গার্মেন্টসের কর্মকর্তা মোবারক হোসেন দাবি করেন, সাভার ক্যান্টনমেন্ট বোর্ড থেকে অনুমতি নিয়ে তাঁরা খালের ওপর সেতু নির্মাণ করেছেন। খাল ভরাট করে কালভার্ট নির্মাণের অনুমতি দেওয়া প্রসঙ্গে সাভারের ইউএনও মো. রাব্বি মিয়া বলেন, ‘মোবারক হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক আমার কাছে প্রতিবেদন চেয়ে পত্র পাঠান। ওই পত্রের পরিপ্রেক্ষিতে উপজেলা প্রকৌশলীকে বিষয়টি তদন্ত করতে দিলে, তিনি সেখানে কালভার্ট নির্মাণ করার পক্ষে মতামত দেন। ওই মতামতের ভিত্তিতেই জেলা প্রশাসন থেকে কালভার্ট নির্মাণের অনুমতি দেওয়া হয়েছে।’সাভার উপজেলা প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন বলেন, ‘ইউএনও আমাকে তদন্তের দায়িত্ব দেওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে কালভার্ট স্থাপন করা যেতে পারে মর্মে মতামত দিয়েছি।’ স্থানীয় সাংসদ তালুকদার তৌহিদ জং মুরাদ প্রথম আলোকে বলেন, ‘খাল ভরাট করে ড্রেন নির্মাণ করার বিষয়টি আমাকে বুঝতে দেওয়া হয়নি। খাল ভরাটের বিষয়টি গোপন রেখে ড্রেন নির্মাণ করার কথা বলে সুপারিশ নেওয়া হয়েছে।’